যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া শুরু করতে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।আসন্ন এ মহড়ার সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘ওসটিয়ার চ্যালেঞ্জ ১২’। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-ব্যবস্থার উন্নয়ন এবং দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।গত সোমবার হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া শেষ হওয়ার পর ইসরায়েল এ ঘোষণা দিল। যদিও ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক কোনো ঘটনার প্রতিক্রিয়ায় এ মহড়ার উদ্যোগ নেওয়া হয়নি। অনেক দিন আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এ মহড়া চালানোর পরিকল্পনা করা হয়। উভয় দেশের কর্মকর্তারাই জানিয়েছেন, আসন্ন এ মহড়া হবে দুই দেশের যৌথভাবে পরিচালিত সবচেয়ে বড় মহড়া।কবে নাগাদ এ মহড়া শুরু হবে তা জানাননি ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র। তবে নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ মহড়া শুরু হতে পারে।স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, আগামী বসন্তে এ মহড়া শুরু হতে পারে। এটাই হবে দুই মিত্র দেশের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া।ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের কৌশলগত মিত্র। এ দুই দেশ যৌথভাবে আন্তমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ-ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। গত নভেম্বরে ইসরায়েল তেলআবিব অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে বড় ধরনের মহড়া চালায়।ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে, এই অভিযোগে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করে চলেছে পশ্চিমা শক্তিগুলো। সম্প্রতি অবরোধের আওতা বাড়ানো হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেয় ইরান। এরপর ওই প্রণালিতে গত ২৪ ডিসেম্বর থেকে ইরানের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হয়। ১০ দিনব্যাপী চলা ওই মহড়া গত সোমবার শেষ হয়। মহড়ার শেষ দুই দিনে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এএফপি।