ভারতের টেলিযোগাযোগ খাতের দুর্নীতির অভিযোগের ব্যাপারে সংসদীয় তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনে বিরোধীদের দাবি মেনে নিয়েছে সরকার। গতকাল রোববার বিরোধী দলগুলোর সঙ্গে এক বৈঠকে সরকার এ দাবি মেনে নেয়।দ্বিতীয় প্রজন্মের মুঠোফোনের লাইসেন্স প্রদানে দুর্নীতির অভিযোগকে ঘিরে পার্লামেন্টে গত কয়েক মাসের অচলাবস্থা নিরসন এবং আসন্ন বাজেট অধিবেশন নির্বিঘ্ন করার লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হলো। বৈঠক শেষে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘সরকার সব ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আসন্ন পার্লামেন্ট অধিবেশন ফলপ্রসূ ও কার্যকর হবে বলে আমি আশা করছি।’ আগামী ২৮ ফেব্রুয়ারি পার্লামেন্টে বাজেট উপস্থাপন করা হবে। ২০০৮ সালে ২-জি মোবাইল ফোনের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে টেলিযোগাযোগমন্ত্রী এ. রাজাকে গ্রেপ্তার করা হয়। রয়টার্স।