যৌন কেলেঙ্কারিতে ফেঁসে কংগ্রেস নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে ভিডিওচিত্র কেলেঙ্কারিতে এবার ফেঁসেছেন ক্ষমতাসীন দল কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতা অভিষেক সিংভি। ইউটিউবসহ অন্যান্য ওয়েবসাইটে ছেড়ে দেওয়া একটি ভিডিওচিত্রে এক নারীর সঙ্গে তাঁকে যৌনকর্মে লিপ্ত হতে দেখা গেছে। এর জের ধরে গত সোমবার দলের মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। একই সঙ্গে আইনবিষয়ক পার্লামেন্টারি কমিটি থেকেও পদত্যাগ করেন। আইনজীবী অভিষেকের এই ভিডিওচিত্র সরকারকে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ওই নারীকে একজন বিচারক হতে সহায়তা করার প্রস্তাব দিয়েছিলেন। তবে অভিষেক সিংভি খবরের সত্যতা নাকচ করেছেন। তিনি এই ভিডিওচিত্র ভুয়া বলে দাবি করেছেন।সিডিতে ধারণ করা একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ঘটনার সূত্র ধরে সিংভি পদত্যাগ করেন। এর আগে অবশ্য এই ভিডিওচিত্র গণমাধ্যমে প্রকাশ না করার জন্য আদালতের নির্দেশ অর্জনে সফল হন তিনি। এ ব্যাপারে এক বিবৃতিতে সিংভি বলেন, ‘আমাকে নিয়ে যে ভিডিওচিত্র ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে, এর সূত্র ধরে পার্লামেন্টের কাজ যাতে এতটুকু ব্যাহত না হয়, এ জন্য এ ব্যবস্থা নিয়েছি।’ তিনি বলেন, ‘মুদ্রণ ও সম্প্রচারমাধ্যমে কিছু মহল এই ভিডিওচিত্রের কথা প্রকাশ করে একটি মিথ্যা ঘটনাকে তুলে ধরছে। একই সঙ্গে তারা বলছে, ভিডিওচিত্রে একটি পদের বিষয়ে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। এটা একেবারেই মিথ্যা। এই ভিডিওচিত্র নিয়ে ভারতীয় পার্লামেন্টে প্রচণ্ড হট্টগোল হবে বলে ধারণা করা হচ্ছে। পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বিজেপির নেতৃত্ব দেওয়া অরুণ জেটলি বলেন, ‘আইন ও বিচারবিষয়ক প্যানেল থেকে সিংভি কেন পদত্যাগ করলেন, পার্লামেন্টে অবশ্যই এর কারণ ব্যাখ্যা করতে হবে তাঁকে।’ রয়টার্স।