যৌন নিপীড়ন নিয়ে শিশুদের সতর্ক করলেন সুজেট
ভারতে কলকাতার পার্ক স্ট্রিটে গণধর্ষণের শিকার হয়েছিলেন সুজেট জর্ডন। তাঁর মতো আর কেউ যেন বিপদে না পড়ে বা পড়লেও যেন লড়াই করে বাঁচতে পারে, সে জন্য সুজেট এখন স্কুলের শিশুদের শেখাচ্ছেন কী করে তারা যৌন নিপীড়ন থেকে নিজেদের বাঁচাতে পারবে।
ভারতের গুজরাট রাজ্যে অতুল বিদ্যালয় নামের একটি স্কুলে প্রাথমিক স্তর থেকে শুরু করে বড়দের কাছে নিজের লড়াইয়ের বর্ণনা দিয়েছেন সুজেট জর্ডন। গত শনিবার রাতে তিনি সেখানে যান। খবর বিবিসির।
স্কুল কর্তৃপক্ষ ও সুজেট জর্ডন বলছেন, নারী ও শিশুদের ওপরে ধর্ষণসহ যে ধরনের অত্যাচার হয়, সেসব লুকিয়ে না রেখে, তাদের সঙ্গে খোলা মনে আলোচনা করতে হবে। তাহলে তারা আরও বেশি নিরাপদে থাকবে। স্কুলের অভিভাবকেরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
গুজরাটের ভালসাদে অবস্থিত ওই স্কুলটির অধ্যক্ষ একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তাঁর নাম কর্নেল শেখর। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম সুজেট জর্ডনের মতো সাংঘাতিক সাহসের অধিকারী কেউ আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে বোঝান যে ভারতের মতো একটা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কীভাবে যন্ত্রণা সহ্য করতে হয়। আর কীভাবে লড়াই করতে হয়।’
স্কুলটির প্রধান আরও জানান, স্কুলের শিশুদের শেখানো হচ্ছে, কোনটা ‘ভালো স্পর্শ’, কোনটা ‘খারাপ স্পর্শ’। যাতে তারা আগে থেকেই বিপদ সম্পর্কে সচেতন হতে পারে।
২০১২ সালের ফেব্রুয়ারিতে কলকাতার পার্ক একটি নাইট ক্লাব থেকে বেরিয়ে আসার পরে চলন্ত গাড়িতে জর্ডনকে ধর্ষণ করা হয়। পরে ভোরের দিকে তাঁকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। প্রথমে পুলিশ তাঁর অভিযোগ নিতেই অস্বীকার করেছিল। আর রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন গোটা ঘটনাটা সাজানো। আরেক মন্ত্রী জর্ডনের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিলেন। পরে অবশ্য তদন্ত করে ধর্ষণ প্রমাণিত হয় আর অভিযুক্তদের মধ্যে একজন বাদে বাকি সবাইকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু সেই মামলা এখনো শেষ হয়নি। অপরাধীদের সাজাও হয়নি। ঘটনার দেড় বছর বাদে উত্তর চব্বিশ পরগনা জেলার কামদুনিতে ঘটে যাওয়া একটি গণধর্ষণ ও খুনের প্রতিবাদ জানাতে গিয়ে পর্দার আড়াল থেকে প্রকাশ্যে আসেন সুজেট জর্ডন। বিবিসিকে তিনি বলেছিলেন, ‘পার্ক-ধর্ষণের শিকার—এই পরিচয়ে আর বাঁচতে চাই না। আমার নাম সুজেট জর্ডন। যারা ধর্ষণ করেছে লজ্জা তাদের পাওয়ার কথা, আমি কেন লজ্জায় মুখ লুকিয়ে থাকব।’ ভারতে সেই প্রথম কোনো ধর্ষণের শিকার নারী নিজের পরিচয় প্রকাশ করেছিলেন।