যৌন নিপীড়নের বিরুদ্ধে কঙ্গোর নারীদের পদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন নিপীড়নের প্রতিবাদে কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নারীরা গতকাল সোমবার সে দেশের ফার্স্ট লেডি অলিভ লেম্বে কাবিলার নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন। দেশের পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই অঞ্চলে কঙ্গোর স্থানীয় ও ভিনদেশি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েক বছর ধরে সংঘর্ষ হয়েছে।গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, হুতু-তুৎসি সংঘাতের সময় রুয়ান্ডার হুতো বিদ্রোহীরা যে স্থানে গণধর্ষণ চালায়, কয়েক সপ্তাহ পর ঠিক একই স্থানে কঙ্গোর সেনাবাহিনীও গণধর্ষণ করে। দেশটির ওয়ালিকেল এলাকায় গত জুলাই ও আগস্টে বিদ্রোহীরা পরিবার ও প্রতিবেশীদের সামনেই প্রায় ৩০০ নারীকে ধর্ষণ করে। গত শুক্রবার ডিআর কঙ্গোর জাতিসংঘ মিশনের প্রধান মোনুস্কো জানান, গত বছর প্রায় ১৫ হাজার নারী ধর্ষণের শিকার হন।গতকাল লেম্বে কাবিলার নেতৃত্বে কয়েক হাজার নারী বুকাভুর রাজপথে পদযাত্রায় অংশ নেন। তাঁদের অনেকের হাতে ধরা ব্যানারে লেখা ছিল ‘যৌনসন্ত্রাসের বিরুদ্ধে “না” বলুন’। এই কর্মসূচির আয়োজক ওয়ার্ল্ড মার্চ অব উইমেন সংগঠনের কর্মী মিরিয়াম নোব্রে বলেন, ‘এই কর্মসূচিতে অংশগ্রহণ করাটা গুরুত্বপূর্ণ, কারণ নারীর বিরুদ্ধে সহিংসতা যুদ্ধে প্রতিপক্ষকে দুর্বল করার কৌশল হিসেবে ব্যবহূত হয়ে আসছে।’বুকাভুর একটি হাসপাতালের চিকিৎসক নেনে রুকুনঘু বলেন, ‘এ ধরনের সহিংসতার ঘটনায় দণ্ড থেকে অব্যাহতি দেওয়ার বিধানের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, যাতে অপরাধীরা শাস্তি পায়। কঙ্গোর নারীরা দৃঢ়চেতা এবং তাঁদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে।’ বিবিসি অনলাইন।