যৌন নির্যাতনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
কোনো নারী যৌন নির্যাতনের শিকার হলে প্রথমে তাকেই এ জন্য দায়ী করা হয়। এর ফলে নির্যাতনকারী পুনরায় এ ধরনের কাজে উৎসাহিত হয়। আর নির্যাতনের শিকার নারীকে সব নীরবে সহ্য করতে হয়। এতে নির্যাতনের চক্র প্রতিনিয়ত আবর্তিত হতে থাকে। এই নির্যাতন ও দোষারোপ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গত শনিবার বিক্ষোভ-সমাবেশ করেছে কয়েক হাজার নারী-পুরুষ। তারা হাতে লেখা বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে শহরের রাস্তা প্রদক্ষিণ করে।প্রতিবাদ-সমাবেশের বেশির ভাগই ছিল নারী। সামান্তা রাইট নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা নারী-পুরুষ ওয়াশিংটন মনুমেন্ট থেকে ন্যাশনাল মল পর্যন্ত মাইল খানেক রাস্তা প্রদক্ষিণ করে।সমাবেশে আসা ২৩ বছর বয়সী ভার্জিনিয়া ওয়ারডারের পোশাকে লেখা ছিল, ‘আমার শরীর আমার’। ভার্জিনিয়ার মা থেরেসিয়া জানান, তিনি প্রথমে যৌন নির্যাতনের শিকার হন। পরে ওই নির্যাতনের জন্য তাঁকেই দায়ী করা হয়। এটা দ্বিতীয় দফা নির্যাতনের সামিল। তিনি আরও বলেন, ‘যৌন নির্যাতনের শিকার কোনো নারীকে ওই নির্যাতনের জন্য আমরা দুষব না। নির্যাতনকারী ও দোষারোপকারীই এটা প্রতিরোধ করতে পারে বলে তিনি মন্তব্য করেন।’এর আগে গত এপ্রিল মাসে কানাডার টরোন্টোতে এ ধরনের প্রতিবাদ-সমাবেশ করা হয়। ‘যৌন নির্যাতন এড়াতে নারীদের ছোটখাটো পোশাক পরিহার করা উচিত’ পুলিশের এমন বক্তব্যের প্রতিবাদে টরোন্টোতে ওই প্রতিবাদের আয়োজন করা হয়। টাইমস অব ইন্ডিয়া।