যৌন হয়রানি রোধের অধ্যাদেশে প্রণবের সই
ভারতে যৌন হয়রানি রোধবিষয়ক অধ্যাদেশে গতকাল রোববার সই করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। দুই দিন আগে এই অধ্যাদেশ অনুমোদন করে দেশটির মন্ত্রিসভা। সংশোধিত আইনটি রাষ্ট্রপতি সই করার পর থেকেই কার্যকর হয়েছে।আইনে ধর্ষণের শিকার হয়ে কেউ মারা গেলে বা তার অবস্থা ওই পর্যায়ে চলে গেলে, ধর্ষণকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। অধ্যাদেশে এ ধরনের মামলাকে ‘নজিরবিহীনের মধ্যে সবচেয়ে নজিরবিহীন’ অপরাধ ক্যাটাগরিতে ফেলার বিধান রাখা হয়েছে। এ ধরনের ঘটনায় আদালত চাইলে অপরাধীকে সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন। আর এ ধরনের ঘটনার সর্বনিম্ন শাস্তির বিধান রাখা হয়েছে ২০ বছরের জেল, যেটা বাড়িয়ে অপরাধীর স্বাভাবিক জীবন পর্যন্ত বা মৃত্যুদণ্ড দেওয়া যাবে।পরিবর্তিত আইনে নারীকে উত্ত্যক্ত করা, নগ্ন করা, অ্যাসিড নিক্ষেপ করার মতো অপরাধগুলো ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) আওতায় অপরাধ বলে গণ্য করা হবে। সরকারকে পরিবর্তিত আইনটিকে আগামী ছয় মাসের মধ্যে পার্লামেন্টে পাস করিয়ে নিতে হবে।নয়াদিল্লিতে চলন্ত বাসে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণ ও নিহত হওয়ার পর দেশজুড়ে জনরোষের প্রেক্ষাপটে সরকার বিচারপতি জে এস ভার্মার নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ওই কমিশনের সুপারিশ বিবেচনায় নিয়ে যৌন হয়রানির বিষয়ে আইনে পরিবর্তন আনা হলো। নারী অধিকার কর্মীদের একটি পক্ষের আপত্তি সত্ত্বেও পরিবর্তিত আইনে মৃত্যুদণ্ডের বিধানে সম্মতি দিলেন রাষ্ট্রপতি প্রণব। টাইমস অব ইন্ডিয়া।