যৌনকর্মী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতা, কানের বিরুদ্ধে তদন্ত শুরু
ফ্রান্সে একটি সন্দেহভাজন যৌনকর্মী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান দমিনিক স্ত্রস-কানের বিরুদ্ধে গত সোমবার আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।এ কারণে এখন কানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে। ফ্রান্সের লিল্লে শহরের কার্লটন হোটেলের একটি পার্টিতে অংশ নিয়েছিলেন কান। ওই চক্র হোটেলের অতিথিদের যৌনকর্মী সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে।কর্তৃপক্ষের ধারণা, আইএমএফের সাবেক প্রধান স্ত্রস-কানের হাজির হওয়া ওই পার্টিতে যৌনকর্মীরাও ছিলেন। কান অবশ্য পার্টিতে তাঁর উপস্থিত থাকার কথা স্বীকার করলেও সেখানে যৌনকর্মীদের উপস্থিতির বিষয়টি অবগত হওয়ার কথা নাকচ করে দেন। তদন্তকারীরা কানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ছাড়াও তাঁর ব্যবসায়িক সহকর্মীরা যৌনকর্মী চক্র ও করপোরেট ফান্ডের অপব্যবহারে জড়িত আছেন কি না, তা খতিয়ে দেখছেন।আইএমএফের সাবেক এই প্রধানের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে তাঁর ২০ বছরের কারাদণ্ড হতে পারে। তিনি বর্তমানে এই অভিযোগে এক লাখ ৩৫ হাজার ডলারের বিনিময়ে জামিনে মুক্ত রয়েছেন। ইতিমধ্যে পৃথক ঘটনায় কানের বিরুদ্ধে নিউইয়র্কে এক হোটেল পরিচারিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে গত বছরের মে মাসে তিনি আইএমএফ-প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। পরে যথাযথ প্রমাণের অভাবে ওই অভিযোগ খারিজ হয়ে গেলে ওই পরিচারিকা (৩২) এখন তাঁর বিরুদ্ধে নতুন করে একটি দেওয়ানি মামলা করতে যাচ্ছেন। আজ বুধবার নিউইয়র্কে এই মামলার কার্যক্রম শুরু হতে পারে। বিবিসি।