যৌনকর্মীর সঙ্গে সম্পর্কের ঘটনায় বিপাকে ব্রিটিশ মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন যৌনকর্মীর সঙ্গে যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক মন্ত্রী জন হুইটিংডেলের সম্পর্ক ছিল-এমনটি জানাজানি হওয়ার পর মন্ত্রীর নৈতিকতা নিয়ে বিতর্ক উঠেছে। এক বিবৃতিতে মন্ত্রী দাবি করেছেন, মন্ত্রী হওয়ার আগে ২০১৩ সালের আগস্ট মাস থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ওই নারীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু ওই নারীর পেশা কী ছিল সে বিষয়ে তিনি জানতেন না।
বিতর্কের মূল কারণ হলো, যুক্তরাজ্যের অন্তত চারটি সংবাদ পত্র হুইটিংডেলের ওই সম্পর্কের বিষয়ে জানলেও তারা এ নিয়ে কোনো সংবাদ প্রকাশ করেনি। দেশটিতে আলোচিত ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় সংবাদমাধ্যমের নীতিমালা তৈরিতে গত কয়েক বছর যাবত যে কাজ চলছে, সেটির নেতৃত্ব দিচ্ছেন জন হুইটিংডেল। ২০১৫ সালে মন্ত্রী হওয়ার আগে হুইটিংডেল প্রায় ১০ বছর যাবৎ সংস্কৃতি, গণমাধ্যম ও খেলাধুলা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন।
সমালোচকেরা বলছেন, তাঁর ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশ পেলে তিনি হয়তো সংবাদমাধ্যমের নীতিমালায় আরও কঠোর হবেন এমন আশঙ্কা থেকে ওই সংবাদ প্রকাশ করা হয়নি। মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহিতা নিয়ে কাজ করা সংগঠন হ্যাকড অফ এবং বিরোধী দল লেবার পার্টি গণমাধ্যমের নীতিমালা তৈরির পর্যবেক্ষণের দায়িত্ব থেকে হুইটিংডেলকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে।
জন হুইটিংডেল বিবৃতিতে আরও বলেন যে, ‘ম্যাচডটকম ওয়েবসাইটের মাধ্যমে ওই নারীর সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তিনি আমার বয়সী ছিলেন এবং আমার কাছাকাছিই বাস করতেন। যখন জানতে পারি, কেউ একজন আমার সম্পর্কে ট্যাবলয়েড সংবাদপত্রে একটি গল্প বিক্রি করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করি’।
জন হুইটিংডেলের প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ আস্থা রয়েছে জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কার্যালয় থেকে বলা হয়েছে, ‘অবিবাহিত একজন পূরুষের ব্যক্তিগত জীবনের অধিকার রয়েছে।’