যৌনপীড়নের শিকার ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন পোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স
পোপ ফ্রান্সিস। ছবি: রয়টার্স

গির্জায় যৌন নিপীড়নের শিকার ব্যক্তিদের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাত্ করে কথা বলবেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকার কাছে রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরুর ব্যক্তিগত বাসভবনে আগামী সোমবার এ সাক্ষাত্ অনুষ্ঠিত হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গির্জায় যৌন নিপীড়নের শিকার ব্রিটেন, জার্মানি ও আয়ারল্যান্ডের এমন ছয়জন পোপের সঙ্গে সাক্ষাত্ করবেন।

গির্জায় যাজকদের দ্বারা বিশ্বব্যাপী হাজার হাজার ব্যক্তি নিপীড়নের শিকার হয়—সাম্প্রতিক সময়ের নানা আলোচনায় এমন তথ্য উঠে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ভ্যাটিকান বিষয়টি তদন্তে কমিশন গঠন করে। গত বছরের ফেব্রুয়ারিতে পোপ নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ফ্রান্সিস এ ধরনের ব্যক্তির সঙ্গে সাক্ষাত্ করতে যাচ্ছেন।

ভ্যাটিকেনের কর্মকর্তারা এ বছর জানান, গত দশকে নিপীড়নের নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্চের নিজস্ব আইনে তিন হাজার ৪২০ জন যাজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৮৪৮ জনকে পদ থেকে অপসারণ এবং বাকি দুই হাজার ৫৭২ যাজককে কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত হিসেবে সারা জীবন প্রার্থনা করে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।


পোপও এ ধরনের যৌন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। তিনি বলেছেন, ‘যৌন নিপীড়ন এত কুিসত অপরাধ...অনেকটা শয়তানের শয়তানি।’ পোপ গির্জায় এ ধরনের নিপীড়কদের বিরুদ্ধে জিরো টরারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন।