রকেটে জ্বালানি ভরেছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্র ও প্রতিবেশী দেশগুলোর আপত্তি সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের দূরপাল্লার রকেট উৎক্ষেপণের পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে চলেছে। উৎক্ষেপণ-মঞ্চে রকেট বসানোর পর গতকাল বুধবার তারা রকেটে জ্বালানি ভরা শুরু করে। আজ বৃহস্পতিবার থেকে আগামী সোমবারের মধ্যে কোনো এক সময় ওই রকেট উৎক্ষেপণ করার কথা। আগামী ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সুংয়ের জন্মশতবার্ষিকী উপলক্ষে রকেটে করে মহাশূন্যের কক্ষপথে উপগ্রহ স্থাপন করবে পিয়ংইয়ং। কোরিয়ান কমিটি অব স্পেস টেকনোলজির প্রধান পায়িক চ্যাং-হো রাজধানী পিয়ংইয়ংয়ে বিদেশি সাংবাদিকদের বলেন, ‘আমাদের কথামতো জ্বালানি ভরছি। শিগগিরই শেষ হবে।’ তিনি বলেন, এবারের উপগ্রহ স্থাপন সফল হবে। কারণ কমরেড কিম জং-উন (উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা) উৎক্ষেপণের ধাপে ধাপে ব্যক্তিগতভাবে নির্দেশনা দিচ্ছেন।২০০৯ সালের মতো এবারও উত্তর কোরিয়ার সোহায়ে স্যাটেলাইট স্টেশন থেকে রকেট উৎক্ষেপণ করার কথা। উত্তর কোরিয়ার এই পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গত মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী কোইচিরো জেমবার সঙ্গে এক সংবাদ সম্মেলনে হিলারি বলেন, ‘উত্তর কোরিয়া যদি তাদের জনগণের জন্য একটি শান্তিপূর্ণ ও উন্নত ভবিষ্যৎ চায়, তবে তাদের আর কোনো উৎক্ষেপণ করা উচিত নয়, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হতে পারে।’মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করেন জাপানি পররাষ্ট্রমন্ত্রী। এদিকে হাওয়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটির প্রধান অ্যাডমিরাল স্যামুয়েল লকলিয়ার গতকাল বুধবার জাপানের টোকিওতে বলেন, উত্তর কোরিয়া তাদের প্রতিরক্ষা প্রযুক্তির জন্য ক্ষেপণাস্ত্র নির্মাণে বেশি সময় ব্যয় করছে। তিনি বলেন, পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশটি যদি তাদের ক্ষেপণাস্ত্রের পরিসীমা বাড়াতে থাকে, এটি জোট, অঞ্চল ও যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয়।যদিও উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, উপগ্রহ স্থাপন নিয়ে তারা কোনো লুকোচুরি করছে না। প্রচুর বিদেশি সাংবাদিককে রকেট উৎক্ষেপণ কার্যক্রম দেখিয়েছে।সর্বোচ্চ পদে কিম জং-উন: তরুণ নেতা কিম জং-উনকে উত্তর কোরিয়ার সর্ব ক্ষমতাময় ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) ফার্স্ট সেক্রেটারি পদে নির্বাচিত করা হয়েছে। গতকাল পার্টির চতুর্থ সম্মেলনে নতুন সৃষ্ট সর্বোচ্চ ওই পদে তাঁকে নির্বাচিত করা হয় বলে রাষ্ট্রায়ত্ত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে জানানো হয়েছে।কিম জং-উনের প্রয়াত বাবা কিম জং ইল ছিলেন ডব্লিউপিকের জেনারেল সেক্রেটারি। সম্মেলনের আগে ধারণা করা হচ্ছিল, কিম জং-উন দলের নতুন জেনারেল সেক্রেটারি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার সিউলের কয়েকজন বিশ্লেষক বলেন, প্রয়াত বাবার শেষ ইচ্ছা অনুযায়ী, দলের ওপর পুরো ক্ষমতা আরোপের জন্য কিম জং-উনকে নতুন সর্বোচ্চ পদ দেওয়া হয়েছে।এদিকে কাল শুক্রবার উত্তর কোরিয়ার পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে কিম জং-উনকে দেশটির সর্বক্ষমতাময় ন্যাশনাল ডিফেন্স কমিশনের চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। রকেট উৎক্ষেপণ প্রস্তুতির পাশাপাশি উত্তর কোরিয়া গতকাল কিম জং-গ্যাককে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে। এএফপি ও রয়টার্স।