রক্ত ঝরছে গাজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার পুলিশপ্রধান তাইসির আল বাত্সের বাড়িতে গত শনিবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মারা যান তিনি। গতকাল তাঁর দাফনের সময় স্বজনদের সঙ্গে কাঁদছে পরিবারের এই শিশুটিও ষ ছবি: রয়টার্স
গাজার পুলিশপ্রধান তাইসির আল বাত্সের বাড়িতে গত শনিবার হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মারা যান তিনি। গতকাল তাঁর দাফনের সময় স্বজনদের সঙ্গে কাঁদছে পরিবারের এই শিশুটিও ষ ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নির্বিচার এই হামলায় গতকাল রোববার পর্যন্ত ছয় দিনে নিহত হয়েছে ১৬৬ জন। এদের অধিকাংশ নিরীহ মানুষ। এই অবস্থায় শনিবার দিবাগত রাত থেকে স্থল অভিযান শুরু করেছেন ইসরায়েলি নৌকমান্ডোরা। প্রাণে বাঁচতে চাইলে গাজাবাসীকে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে পড়তে বলেছে ইসরায়েল।
হামলা বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দফায় দফায় আহ্বান জানানো হলেও কান দিচ্ছে না ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বলেছেন, ‘আমরা জানি না এই অভিযান কবে শেষ হবে।’ খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের সর্বশেষ এই হামলার শুরু সম্প্রতি ইসরায়েলি তিন কিশোরকে অপহরণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে। ইসরায়েল এ জন্য হামাসকে দায়ী করলেও তারা তা অস্বীকার করে। পরে ফিলিস্তিনি এক কিশোর একইভাবে অপহরণ ও হত্যার শিকার হওয়ার পর উত্তেজনা নতুন মোড় নেয়। গাজা থেকে রকেট ছোড়া হচ্ছে, এমন অভিযোগ তুলে ইসরায়েল গত মঙ্গলবার ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের অভিযান শুরু করে।
ছয় দিনের টানা বিমান হামলার পর শনিবার দিবাগত রাতে স্থল অভিযান শুরু করেন ইসরায়েলি কমান্ডোরা। জঙ্গিবিমানের সহায়তায় গাজার উত্তরাংশে ঢুকে পড়েন নৌকমান্ডোরা। ইসরায়েলি বাহিনীর মুখপাত্র লে. কর্নেল পিটার লার্নার জানান, ফিলিস্তিনি সন্ত্রাসীদের রকেট ছোড়ার একটি স্থানে অভিযান চালান কমান্ডোরা। এ সময় জঙ্গিরা গুলি চালায়। এতে চার কমান্ডো আহত হন। তবে অভিযান সফল হয়েছে।
অন্যদিকে, হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে গাজা ভূখণ্ডে প্রবেশে বাধা দিতে গুলি চালিয়েছে।
রাতের ওই স্থল অভিযানের পর গতকাল সকালে ইসরায়েলের বিমান হামলায় তিন বছর বয়সী এক মেয়েশিশু ও এক নারীসহ তিনজন নিহত হয় বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।এর আগে গাজার পুলিশপ্রধানের বাসভবন লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েলি জঙ্গিবিমান। এতে ১৮ জনের মৃত্যু হয়। পুলিশপ্রধান তাইসির আল-বাত্স বেঁচে গেলেও গুরুতর আহত হন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ওই হামলায় পুলিশপ্রধানের বাসভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে ১৮ জন নিহত হওয়া ছাড়াও প্রায় ৪৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে হচ্ছে। উদ্ধার অভিযান চলছে।
এ ছাড়া শনিবার রাতে গাজার নিরাপত্তা সদর দপ্তর ও পুলিশ স্টেশনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এই অবস্থায় গতকাল ইসরায়েল বলেছে, গাজায় সর্বাত্মক অভিযানের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং সীমান্তে প্রায় ২০ হাজার সেনাসমাবেশ করা হয়েছে। যুদ্ধ সরঞ্জামও নেওয়া হয়েছে সীমান্ত এলাকায়।
মুখপাত্র লে. কর্নেল লার্নার জানান, ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হামাসের পক্ষ বেশির ভাগ রকেট ছোড়া হচ্ছে গাজার উত্তরাঞ্চল থেকে। এ জন্য সেখানে আরও জোরালো অভিযান চালানো হবে। এতে বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সেখান থেকে লোকজনকে নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের ওই ঘোষণার পর গতকাল গাজার ওই অংশ থেকে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে।
ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের হামলার মূল লক্ষ্য হামাসের রকেট ছোড়ার স্থান, তাদের সাংগঠনিক কার্যালয় ও নেতাদের অবস্থান। গত ছয় দিনে এ রকম প্রায় এক হাজার ৩২০টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এর বিপরীতে হামাস রকেট ছুড়েছে আট শতাধিক। তবে হামাসের নিক্ষিপ্ত রকেটের বেশির ভাগ আকাশে ধ্বংস করে ফেলতে সক্ষম হচ্ছে ইসরায়েলের আকাশ নিরাপত্তাব্যবস্থা ‘ডোম’। রকেট হামলায় এ পর্যন্ত একজনেরও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ অবস্থায় ইসরায়েলি বিমান হামলা ও ফিলিস্তিনের দিক থেকে রকেট নিক্ষেপ বন্ধ করতে গত বৃহস্পতিবার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এর পরদিন মার্কিন প্রেসিডেন্ট একই আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতির জন্য প্রয়োজনে তিনি মধ্যস্থতা করতে প্রস্তুত আছেন। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যরাষ্ট্র শনিবার একটি বিবৃতি দেয়।
এ ছাড়া, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। আর জার্মানি ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা আজ সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পরিস্থিতি শান্ত করার চেষ্টায়।
কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এত উদ্বেগ-আহ্বানের পরও ইসরায়েলের দিক থেকে হামলা বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তারা বলছে, গাজা থেকে রকেট নিক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, ‘হামাসকে লক্ষ্য করে আমরা আরও জোরালোভাবে হামলা চালিয়ে যাচ্ছি। এই অভিযান কবে শেষ হবে আমরা জানি না।’