রক্তক্ষয়ী অভিযান, শতাধিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সরিয়ে দিতে রাজধানী কায়রোতে গতকাল বুধবার সকালে ব্যাপক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের দুটি অস্থায়ী শিবিরে কয়েক ঘণ্টার ওই অভিযানে তাদের শতাধিক সমর্থক নিহত হয়েছে বলে দাবি করেছে মুরসিপন্থীরা। তবে নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ৯৫ জন নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে।উদ্ভূত পরিস্থিতিতে প্রেসিডেন্টের দপ্তর থেকে দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।গত ৩ জুলাই মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী। এর পর থেকে তাঁকে পুনর্বহালের দাবিতে কায়রোর রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে এবং কায়রোর কেন্দ্রস্থলে আল-নাহদা স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছিলেন মুরসির দল মুসলিম ব্রাদারহুডের কর্মী-সমর্থকেরা। তাঁদের হটাতে এর আগে গত মাসে রাব্বা আল-আদাবিয়া মসজিদের পাশে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ৮০ জনের মতো বিক্ষোভকারী নিহত হয়।জরুরি অবস্থা এক মাস স্থায়ী হবে বলে জানানো হয়েছে। কায়রোসহ ১১টি প্রদেশে কারফিউ জারি করা হয়েছে। গতকালস্থানীয়সময় সন্ধ্যা সাতটায় কারফিউ শুরু হয়।গতকাল খুব সকালে রাব্বা আল-আদাবিয়া ও নাহদা স্কয়ার ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রথমে তাঁরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তখন ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে রুখে দাঁড়ায় মুখে গ্যাস মাস্ক পরা বিক্ষোভকারীরা। অন্যদিক থেকে ছোড়া কাঁদানে গ্যাসের শেল দ্রুত তুলে নিয়ে তারা পাল্টা ছুড়ে মারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দিকে। এর পরপরই দুই পক্ষে শুরু হয়ে যায় তুমুল গোলাগুলি।একপর্যায়ে নাহদা স্কয়ার থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। সেখানকার অস্থায়ী তাঁবুগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু রাব্বা আল-আদাবিয়া থেকে বিক্ষোভকারীদের পুরোপুরি হটাতে পারেনি নিরাপত্তা বাহিনী। সংঘর্ষ দ্রুত ছড়িয়ে পড়ে রাজধানীর অন্যান্য অংশেও। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।নিরাপত্তা বাহিনীর প্রথম কাঁদানে গ্যাস শেল নিক্ষেপের ঘণ্টা তিনেক পর রাব্বা আল-আদাবিয়া থেকে বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক জানান, সেখানকার অস্থায়ী চিকিৎসা শিবিরে তিনি ৪৩টি মরদেহ দেখেছেন।অভিযানের সময় স্থানীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও চিত্রে দেখা যায়, নিহত ও আহত ব্যক্তিদের অস্থায়ী চিকিৎসা শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীদের পিছু হটিয়ে এগিয়ে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অস্থায়ী শিবির। সাংবাদিকদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না।অভিযান শুরুর ঘণ্টা দুয়েক পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, আল-নাহদা স্কয়ারের নিয়ন্ত্রণ পুরোপুরি নিরাপত্তা বাহিনীর হাতে এসেছে। সেখানকার সব তাঁবু সরিয়ে ফেলতে সক্ষম হয়েছে পুলিশ বাহিনী।নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অনেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।সরকারি বাহিনীর এই অভিযানকে গণহত্যা উল্লেখ করে মুসলিম ব্রাদারহুড দাবি করেছে, এতে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে। এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় দলটি।ব্রাদারহুডের মুখপাত্র জিহাদ আল-হাদ্দাদ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক বার্তায় বলেন, বিক্ষোভকারীদের সরিয়ে দিতে নয়, এই অভিযান চালানো হয়েছে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে সব আন্দোলন নিস্তব্ধ করে দিতে। তিনি দাবি করেন, অভিযানে অন্তত ২৫০ জন নিহত এবং পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দিকে বলা হয়, নিরাপত্তা বাহিনী কোনো গুলি চালায়নি। শুধু কাঁদানে গ্যাস ছুড়েছে। বরং বিক্ষোভকারীদের দিক থেকে গুলি চালানো হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।অভিযানের পর আলেকজেন্দ্রিয়া ও আসওয়ানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।মুরসিপন্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে দিতে মিসরের সেনা-সমর্থিত সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বানের কয়েক ঘণ্টা পরই গতকাল সকালে কায়রোতে ওই অভিযান চালায় সরকারি বাহিনী। গতকালের অভিযানে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটনের এক মুখপাত্র বলেন, ‘অভিযানে হতাহতের যে খবর পাওয়া গেছে, তা উদ্বেগজনক। আমরা আবারও জানাচ্ছি, সহিংসতার মাধ্যমে কোনো সমাধান আসবে না।’ এএফপি, রয়টার্সও বিবিসি।