দক্ষিণ সুদানে রক্তপাত বন্ধের উদ্যোগ নিচ্ছে প্রতিবেশী দুই দেশ ইথিওপিয়া ও কেনিয়া। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় দেশটির প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম ডেসালেগন ও কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা। তবে বৈঠকের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমে কিছু জানানো হয়নি।
এদিকে দক্ষিণ সুদানের ১০টি রাজ্যের মধ্যে অন্তত পাঁচটি রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই ছড়িয়ে পড়েছে। ১১ দিন ধরে চলা গৃহযুদ্ধে দেশটিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে দেশটিতে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
প্রতিবেশী দুই দেশের উদ্যোগে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন প্রেসিডেন্ট সালভা কির। এর অংশ হিসেবেই ইথিওপিয়া ও কেনিয়ার নেতাদের মধ্যে সঙ্গে বৈঠক করেন কির।
এর আগে কেনিয়ার গণমাধ্যমের খবরে জানা যায়, আঞ্চলিক জোট ইস্ট আফ্রিকান কমিউনিটির প্রধান প্রেসিডেন্ট কেনিয়াত্তা গতকাল জুবায় পৌঁছে দক্ষিণ সুদানের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলেমারিয়াম গতকাল প্রেসিডেন্ট কিরের সঙ্গে পৃথকভাবে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকের বিষয়েও কিছু জানানো হয়নি।
দক্ষিণ সুদানে সহিংসতা দমনে কাজ করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি অ্যালেক্স রন্ডোস জুবার উদ্দেশে রওনা দিয়েছেন। চীন বলেছে, তার আফ্রিকাবিষয়ক দূূত ‘শিগগিরই’ জুবা যাচ্ছেন।
এদিকে দক্ষিণ সুদানের তথ্যমন্ত্রী মাকেয়ি লুয়েথ বলেন, বৃহস্পতিবার পর্যন্ত বিদ্রোহীদের সঙ্গে আলোচনার ব্যাপারে কোনো সমঝোতা হয়নি। তিনি বলেন, ‘আমরা তাঁদের সঙ্গে আলোচনায় যাব না।’ তবে প্রেসিডেন্ট কির ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার উভয়েই আলোচনায় বসার ব্যাপারে আগে থেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করে আসছিলেন। রিক মাচার বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বলে মনে করা হচ্ছে।
জাতিসংঘ দেশটিতে শান্তিরক্ষী বাহিনীর সদস্যসংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। শিগগিরই শান্তিরক্ষী বাহিনীর অতিরিক্ত ওই সদস্যদের মোতায়েন করার কথা। বিবিসি।