রক্তাক্ত হলো বিহারের রাজধানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ বছরের ‘ঘর’ ভাঙার পরপর এবার রক্তাক্ত হলো বিহারের রাজধানী পাটনা। এনডিএ ছেড়ে জেডিইউয়ের বেরিয়ে আসাকে ‘বিশ্বাসঘাতকতা’ আখ্যা দিয়ে হরতালের ডাক দেওয়া রাজ্য বিজেপির সঙ্গে সংঘর্ষে জড়াল নিতীশ কুমারের সমর্থকেরা। সম্পর্কটা কতটা খারাপ হয়ে কোন পর্যায়ে পৌঁছাতে পারে, এই ঘটনা তার ইঙ্গিতবাহী।

দুই দলের এই যুদ্ধংদেহী মনোভাবের মধ্যে দলের গুরুদায়িত্ব পাওয়ার পর এই প্রথমবার দিল্লিতে এলেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। একে একে দেখা করলেন মুরলি মনোহর জোশি ও লালকৃষ্ণ আদভানির সঙ্গে। তিনি যে সবাইকে নিয়ে চলতে চান, দলের শীর্ষস্থানীয় নেতাদের গুরুত্ব দিয়ে কাজ করতে চান, এই সফরের মধ্য দিয়ে মোদি সেটাই বোঝাতে চেয়েছেন হয়তো।

বার্ষিক যোজনার বহর স্থির করতে (৫৯ হাজার কোটি রুপি) যোজনা কমিশনের সঙ্গে বৈঠকে যোগ দিতেই মোদির দিল্লিতে আগমন। সেই বৈঠকের আগে তাঁর কর্মসূচির সিংহ ভাগ ছিল দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক। মুরলি মনোহর জোশি এবং অবশ্যই আদভানির বক্তব্য ছিল, এমন কোনো ইঙ্গিত যেন না যায়, যা দল ভাঙার কারণ হয়। অবশ্যই তাঁদের মনে জেডিইউয়ের আপত্তির বিষয়টি ছিল। এ নিয়ে বিজেপির অভ্যন্তরীণ অসন্তোষ, আদভানির বিদ্রোহ, ইস্তফাদান ও প্রত্যাহার এবং নিতীশদের জোট ত্যাগের পর মোদির এই সফর স্বাভাবিক কারণেই আগ্রহের সঞ্চার করেছে। দলীয় সূত্রে জানা যাচ্ছে, জোশি ও আদভানি দুজনেরই সক্রিয় সহযোগিতা প্রার্থনা করেছেন মোদি। আদভানি ব্যাখ্যা করেছেন কী কারণে তিনি ওই ভূমিকা নিয়েছিলেন। জোট কোনোভাবে দুর্বল হোক, এটা তিনি কখনো চাননি। অথচ তাঁর আশঙ্কাই সত্য হলো।

দুই শীর্ষ নেতার সঙ্গে আলাপের পর মোদি যান অসুস্থ অটল বিহারি বাজপেয়ির বাড়িতে। তার পরই মোদির অফিস থেকে জানানো হয়, অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ তিনি রক্ষা করতে পারছেন না। আগে ঠিক ছিল, অযোধ্যায় গিয়ে রামমন্দিরে প্রার্থনা করবেন এবং জনসভায় ভাষণ দেবেন। এটা করা ঠিক হবে না, এমন পরামর্শ বিজেপির পক্ষ থেকেই দেওয়া হচ্ছিল। কট্টর হিন্দুত্ববাদীরা অবশ্য এভাবেই মোদিকে উপস্থাপনে আগ্রহী। কিন্তু নির্বাচনের পর তাতে মোদির গ্রহণযোগ্যতা নিয়ে আবার প্রশ্ন উঠতে পারে এই আশঙ্কা আদভানিদের এখনো রয়েছে। বৈঠকের পর মোদির তরফ থেকে অযোধ্যায় না যাওয়ার এই ঘোষণা তাই তাৎপর্যপূর্ণ।

আরও তাৎপর্যপূর্ণ, বিহার বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেসের বিরত থাকার সিদ্ধান্ত। এমন নয় যে, নিতীশদের পক্ষে সংখ্যা নেই। কিন্তু তা সত্ত্বেও এই সিদ্ধান্ত তাদের কাছে টানার স্পষ্ট ইঙ্গিত। নিতীশ ধর্মনিরপেক্ষ বলে প্রধানমন্ত্রীর মন্তব্য, তার জবাবে নিতীশের ধন্যবাদ জ্ঞাপন এবং আস্থা ভোটে বিরত থাকার সিদ্ধান্ত রাজ্য ও জাতীয় রাজনীতিতে অন্য মেরুকরণের সম্ভাবনা জাগাচ্ছে। অবশ্য এর ফলে বিহারে লালু প্রসাদের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক কী হবে, এই মুহূর্তে তা অজানা। এটুকু জানা, আস্থা ভোটের বিরুদ্ধে লালুর বিধায়কেরা ভোট দেবেন বলেই ঠিক করেছেন।