রক্ষণশীল দলের জয়লাভ ইউরোজোনে থাকছে গ্রিস
অর্থনৈতিক সংকটে জর্জরিত গ্রিসে দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে ঋণ-সহায়তা প্যাকেজের সমর্থক ইউরোজোনে থাকার পক্ষের দল রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি জয়ী হয়েছে। জয়লাভের পর দলটির নেতা দেশে ‘জাতীয় ঐকমত্যের’ সরকার গঠনের ডাক দিয়েছেন। এরই মধ্যে তিনি বিভিন্ন দলের নেতাদের সঙ্গেও আলোচনা শুরু করেছেন।এ জয়কে স্বাগত জানিয়ে গ্রিসে দ্রুত সরকার গঠনের আহ্বান জানিয়েছেন বিশ্বনেতারা। ইউরোজোনভুক্ত দেশগুলো বলেছে, জটিল অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ থেকে উত্তরণে গ্রিসের জন্য সংস্কারই হলো ‘সর্বোত্তম নিশ্চয়তা’। সহায়তা প্যাকেজের সমর্থক নিউ ডেমোক্রেসির জয়ের পর ইউরোপের বাজারে ইতিবাচক লক্ষণ দেখা যায়। গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার পার্লামেন্ট নির্বাচনে নিউ ডোমোক্রেসি পার্টির সঙ্গে ঋণ-সহায়তা প্যাকেজের বিরোধী সিরিজা পার্টির তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর সিরিজা পার্টি বলেছে, তারা পার্লামন্টে বিরোধী দলের নেতৃত্ব দেবে। ৯৯ দশমিক ৯ শতাংশ ভোট গণনা শেষে গ্রিসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফলাফলে বলা হয়েছে, নিউ ডেমোক্রেসি ২৯ দশমিক ৭ শতাংশ (১৩০ আসন), সিরিজা ২৬ দশমিক ৯ (৭১ আসন) ও সমাজতন্ত্রী পাসক ১২ দশমিক ৩ শতাংশ (৩৩ আসন) ভোট পেয়েছে। গ্রিসের পার্লামেন্টে আসন ৩০০টি। তবে সে দেশের প্রচলিত আইন অনুযায়ী জয়ী দল অতিরিক্ত ৫০টি আসন পাবে। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর রাজনৈতিক দলগুলো সরকার গঠনে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় রোববার দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হলো।জয়ের পর নিউ ডেমোক্রেসির নেতা অ্যান্তোনিস সামারাস বলেন, গ্রিসের জনগণ ইউরোজোনে থেকে যাওয়াকে বেছে নিয়েছে। তিনি গ্রিসকে সংকট থেকে বাঁচাতে সক্ষম—এমন একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনেরও ডাক দেন। আনুষ্ঠানিক সমর্থন পেতে তিনি গতকাল প্রেসিডেন্ট ক্যারোলস পাপৌলিয়াসের সঙ্গে দেখা করেন। সংবিধান মোতাবেক সরকার গঠনে প্রেসিডেন্ট তাঁকে তিন দিনের সময় দিয়েছেন। সামারাস এ সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত ঐক্যের সরকার প্রতিষ্ঠা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন। তবে সিরিজা পার্টির নেতা অ্যালেক্সিস স্ত্রিপরাস বলেন, তাঁর দল সরকারে যোগ দেবে না এবং বিরোধী দলে থেকে ব্যয়সংকোচন পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে যাবে।শক্ত জনসমর্থনের ভিত্তিতে স্থিতিশীল সরকার গঠনের লক্ষ্যে সামারাস বৃহৎ পরিসরের ঐকমত্যের সরকার গঠনের চেষ্টা চালাতে পারেন। বিবিসি ও এএফপি।