রক্ষণশীল হওয়ার প্রতিযোগিতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কে কার চেয়ে বেশি রক্ষণশীল—এই প্রতিযোগিতা চলছে এখন। গত জানুয়ারি থেকে শুরু হওয়া প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে ছিলেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি। কিন্তু গত মঙ্গলবার একসঙ্গে তিনটি অঙ্গরাজ্যের বাছাইয়ে জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম। কলোরাডো, মিনেসোটা ও মিসৌরি অঙ্গরাজ্যে রিক স্যান্টোরামের জয়ে রীতিমতো চাঙা রিপাবলিকান দলের কট্টরপন্থীরা।হোঁচট খেয়ে রমনি এখন নিজেকে কট্টর রক্ষণশীল হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। অপরদিকে সাবেক স্পিকার নিউট গিংরিচ শুরু থেকেই দাবি করছেন, তিনিই মার্কিন রক্ষণশীল ঘরানার মূল প্রার্থী। অন্য প্রার্থী টেক্সাসের কংগ্রেসম্যান রন পল নির্বাচনী প্রচারণায় নিজস্ব ভঙ্গিতে রিপাবলিকান নীতির পতাকা উড়াচ্ছেন।মার্কিন রক্ষণশীলতা ও খাঁটি পুঁজিবাদী ধারণার সফল রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিতি রয়েছে রিপাবলিকান দলের প্রয়াত প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের। রিগ্যানের অনুসারী রিপাবলিকানরা শুরু থেকেই প্রচারণা চালাচ্ছেন, বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার উদারনৈতিক কর্মকাণ্ডকে মূল মার্কিন চেতনার পরিপন্থী।পুঁজিবাদ ও রক্ষণশীলতা থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র তার স্বকীয়তা হারাচ্ছে—এমন প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকানরা। হোয়াইট হাউসে ওবামার দ্বিতীয় মেয়াদ ঠেকাতে প্রতিদ্বন্দ্বী হিসেবে খাঁটি রক্ষণশীল প্রার্থী মনোনয়নের বিকল্প নেই বলে মনে করছেন তাঁরা।২০০৮ সালে রিপাবলিকান দলের বাছাই পর্বে অন্যতম প্রার্থী ছিলেন মিট রমনি। রক্ষণশীলদের তৎকালীন পছন্দের প্রার্থী বাছাই পর্বে হেরে যান ‘উদারনৈতিক রিপাবলিকান’ জন ম্যাককেইনের কাছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের অতিরক্ষণশীল আগ্রাসী নীতিতে বিরক্ত মার্কিনদের কাছে রমনি সেবার তেমন কোনো আবেদনই সৃষ্টি করতে পারেননি।এবার মিট রমনির প্রস্তুতি অনেক গোছালো। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যয়বহুল প্রচারণা তহবিলের জোগান দেওয়া এবং ৫০টি অঙ্গরাজ্যজুড়ে মজুরিনির্ভর কর্মী নিয়োগ একমাত্র রমনির পক্ষেই সম্ভব। তবে দলের রক্ষণশীল মূলধারার কাছে তিনি এখনো গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেননি। রিক স্যান্টোরাম ও নিউট গিংরিচ উভয়ই রমনির ধর্মীয় বিশ্বাসের জায়গায় আঘাত হেনে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। দুুজনই নিজেদের খাঁটি ক্যাথলিক ও রক্ষণশীল হিসেবে তুলে ধরতে প্রচারণা চালাচ্ছেন। গত মঙ্গলবারের তিন অঙ্গরাজ্যে প্রার্থী বাছাইয়ে রিপাবলিকান রক্ষণশীলদের প্রকাশ্য সমর্থন পেয়েছেন স্যান্টোরাম। নিয়মিত গির্জায় যাওয়া খাঁটি ক্যাথলিক এই নেতা নীতির ক্ষেত্রে কট্টর রক্ষণশীল। তিনি বিজ্ঞানের বিবর্তন তত্ত্বে বিশ্বাস করেন না। এমনকি বৈশ্বিক উষ্ণতাবিষয়ক বৈজ্ঞানিক বিশ্লেষণকেও প্রশ্নসাপেক্ষ মনে করেন। গত বৃহস্পতিবার ওকলাহামা অঙ্গরাজ্যে এক প্রচারণা সভায় স্যান্টোরাম বলেন, ‘আমিই একমাত্র স্থিতিশীল সামাজিক খাঁটি রক্ষণশীল প্রার্থী।’ রক্ষণশীলদের পছন্দের অপর প্রার্থী নিউট গিংরিচ বলেছেন, ওবামার বিরুদ্ধে নির্বাচনে জয়ের যোগ্যতা একমাত্র তাঁরই আছে।এদিকে মার্কিন রক্ষণশীলদের বার্ষিক সমাবেশ শুরু হয়েছে ওয়াশিংটনে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সমাবেশে পছন্দের প্রার্থী হিসেবে আলোচনার মূলে রয়েছেন স্যান্টোরাম। যদিও অর্থ সংগ্রহ ও নির্বাচন পরিচালনার সাংগঠনিক কাঠামোয় তাঁর অবস্থান এখনো দুর্বল।রক্ষণশীল কলামিস্ট এরিক এরিকসন সিএনএনে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান দলের বর্তমান অবস্থার জন্য সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশকেই দায়ী করেন। তাঁর দাবি, বুশ নেতৃত্বের ধারাবাহিকতা রেখে যেতে পারেননি। এতে দলের প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া অগোছালো ও সংঘাতময় হয়ে উঠেছে।