রক্ষণশীলদের অধিকার আন্দোলন মার্কিন রাজনীতিবিদেরা চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টি-পার্টি’ নামে যুক্তরাষ্ট্রে নতুন নাগরিক অধিকার আন্দোলন রাজনীতিবিদদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাত্র দুই বছরের মধ্যেই সমগ্র যুক্তরাষ্ট্রে বিস্তৃতি ঘটেছে এ আন্দোলনের। রক্ষণশীল ঘরানার এ আন্দোলন ওয়াশিংটনের রাজনৈতিক দৃশ্যপট বদলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন মূলধারায় সংবাদমাধ্যমে ‘টি-পার্টি’ এখন প্রধান একটি আলোচ্য বিষয় হয়ে উঠেছে।‘টি-পার্টি’ বা ‘চা-চক্র’ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধুবৎসল আপ্যায়নের নাম নয়। নানা কারণে সরকারি নীতি-কৌশলে হতাশ ও ক্ষুব্ধ নাগরিকদের আন্দোলনের নাম। টি-পার্টির নামে যুক্তরাষ্ট্রের নগর-মহানগরে সমবেতরা চা-পান করেন না। তাঁদের হাতে থাকে ব্যানার, ফেস্টুন। মুখে ক্ষুব্ধ স্লোগান।দূর ইতিহাসে যুক্তরাষ্ট্রের বোস্টন নগরে ‘টি-পার্টি’ আন্দোলন হয়েছিল। ১৭৭৩ সালে ব্রিটিশ দখলদারদের করারোপের বিরুদ্ধে এ নগরে নাগরিকেরা চা-চক্রে মিলিত হন। বোস্টন ‘টি-পার্টি’ থেকে সরকারি করারোপের বিরুদ্ধে ব্যাপক নাগরিক আন্দোলনের সূচনা ঘটেছিল। যুক্তরাষ্ট্রের জনগণের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ইতিহাসে বোস্টন টি-পার্টি আলোচিত হয়েছে।হাল আমলের টি-পার্টি শুরু হয়েছে ২০০৯ সালের গোড়ার দিকে। প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতা গ্রহণের পর থেকেই রক্ষণশীল ঘরানার ক্ষুব্ধ লোকজনের অসংগঠিত প্রতিবাদ শুরু হয়। ২০০৯ সালের ২৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ৪০টি নগরে একযোগে টি-পার্টি সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি ব্যয়বাহুল্য এবং করারোপ ও রাষ্ট্রীয় ঘাটতির প্রতিবাদে এসব সমাবেশ নিছকই কিছু ক্ষুব্ধ লোকজনের অসংগঠিত প্রয়াস বলে মনে করা হয়েছিল। ২০০৯ সাল জুড়ে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সংস্কার উদ্যোগ নিয়ে প্রচারণা অব্যাহত রাখেন। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রেসিডেন্টের কর্মসূচির সমর্থনে সভা-সমাবেশ শুরু করেন। প্রতিটি স্থানীয় সভায় টি-পার্টির নামে স্থানীয় ক্ষুব্ধ লোকজনকে নিজ নিজ উদ্যোগে উপস্থিত হতে দেখা যায়। অর্থনৈতিক মন্দায় কর্মহীন, গৃহঋণে জর্জরিত হতাশ ও ক্ষুব্ধ মধ্যবিত্ত লোকজনের সমাবেশ দিন দিন লক্ষণীয় হয়ে ওঠে। রিপাবলিকান দলের লোকজনকে এ আন্দোলনকে প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তা দিতে দেখা যায়।পরিবর্তন ও প্রত্যাশার কথা বলে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা দ্রুত তাঁর সংস্কার কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হন। জনগণের আকাঙ্ক্ষায়ও দ্রুত পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। রক্ষণশীল সংবাদমাধ্যমে শুরু থেকেই ‘টি-পার্টি’ আন্দোলন ব্যাপক প্রচার পেতে শুরু করে। আন্দোলন শুরুর এক বছরের মাথায় ম্যাসাচুসেটস উপনির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর পরাজয় ঘটে। সিনেটর পদে নির্বাচিত হয়ে আসেন জাতীয় রাজনীতিতে অখ্যাত স্কট ব্রাউন। তাঁর নির্বাচনে টি-পার্টি আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়। স্কট ব্রাউনের বিজয়কে টি-পার্টি আন্দোলনের প্রথম বিজয় বলে মার্কিন সংবাদমাধ্যমগুলো মন্তব্য করে। নিউইয়র্ক টাইমস-এর মতে, স্কট ব্রাউনের বিজয়ের মধ্য দিয়ে নবযুগের টি-পার্টি আন্দোলনের রাজনৈতিক সাফল্য সূচিত হয়েছে। টাইমস-এর প্রতিবেদক ডেভিড বারসটোর মতে, তৃণমূল পর্যায়ের নানা ঘরানার লোকজনই এখন টি-পার্টির সঙ্গে ক্রমশ সম্পৃক্ত হচ্ছে। রাজনৈতিক মতাদর্শ ছাড়াও মন্দা অর্থনীতি, ক্ষুব্ধ-হতাশ লোকজনের ব্যাপক সমাগম ঘটছে এ আন্দোলনে। টি-পার্টি আন্দোলনে বর্ণবৈষম্য কাজ করছে বলে সমালোচনা হচ্ছে। অভিবাসনবিরোধী হিসেবে পরিচিত সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান টম টেনক্রেডো। নামাভিল নগরের টি-পার্টি কনভেনশনে বক্তব্য রেখেছেন টম। বলেছেন, যুক্তরাষ্ট্রে অতীত দিনের নিয়ন্ত্রিত ভোট পদ্ধতি চালু থাকলে বারাক ওবামার নির্বাচিত হওয়ার কোনো সুযোগ ছিল না। টম বলেন, অনেক লোক ইংরেজিতে ভোট উচ্চারণ করতে পারেন না। তাঁরাই ভোট দিয়ে বারাক হোসেন ওবামার মতো সমাজতন্ত্রীকে হোয়াইট হাউসে পাঠিয়েছেন।জরিপে দেখা যাচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক-রিপাবলিকান থেকে টি-পার্টি আন্দোলনের প্রতি এখন মার্কিন জনগণের সমর্থন বেশি। নিউইয়র্ক টাইমস গত ১২ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, ৫৬ শতাংশ আমেরিকান মাথাভারী সরকারকাঠামোর বিপক্ষে। জনগণের এ অবস্থান টি-পার্টি আন্দোলনের জন্য সহায়ক বলে টাইমস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা তাদের পরিচালিত জরিপের ফলাফলে বলেছে, অধিকাংশ আমেরিকানেরই টি-পার্টি সম্পর্কে ব্যাপক কোনো ধারণা নেই। তবে ৪৫ শতাংশ জনগোষ্ঠী এ আন্দোলনের কোনো না কোনো বিষয়ই সমর্থনযোগ্য বলে মনে করে।