রক্ষা পেতে পারে তিন লাখ প্রাণ
গাড়ি চালানোর সময় চালকের ঘুম এসে গেলে কী যে ঘটবে, তা সহজেই অনুমেয়। সে ক্ষেত্রে যদি ঘুম তাড়ানোর কোনো ব্যবস্থা থাকে, তাহলে মারাত্মক দুর্ঘটনা রোধ করা সম্ভব। জার্মানির একদল বিজ্ঞানী দাবি করছেন, তাঁরা এমন এক যন্ত্র উদ্ভাবন করেছেন, যা গাড়িচালকদের চোখ পর্যবেক্ষণ করবে। চলন্ত অবস্থায় চালকের ঝিমুনি এসে গেলে যন্ত্রটি সংকেত বাজিয়ে সজাগ করবে তাঁকে। বাস্তবে যদি তাঁদের এই কৌশল কাজে লাগে, তাহলে বিশ্বজুড়ে বছরে দুর্ঘটনা থেকে তিন লাখ প্রাণহানি রোধ করা সম্ভব হবে।জার্মানির ফ্রয়েনহোফার ইনস্টিটিউট ফর ডিজিটাল মিডিয়া টেকনোলজির ওই বিজ্ঞানীরা দাবি করেন, গাড়িচালকদের চোখের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য তাঁদের উদ্ভাবিত যন্ত্রে ছয়টি ছোট ক্যামেরা রয়েছে। চালকের ঝিমুনি এলে সঙ্গে সঙ্গে ওই যন্ত্র থেকে সতর্ক সংকেত বেজে উঠবে। যন্ত্রে ক্যামেরাগুলো এমনভাবে স্থাপন করা রয়েছে, চালক এদিক-সেদিক তাকালেও তাঁর চোখ পর্যবেক্ষণ করা সম্ভব হবে।বিজ্ঞানীরা আরও দাবি করেন, ক্যামেরাগুলো তিন থেকে চার মিলিমিটার আকারের লেন্সযুক্ত। পুরো ব্যবস্থাটি প্রতি সেকেন্ডে ২০০ চিত্র প্রক্রিয়াজাত করতে পারে। ইনস্টিটিউটের গবেষক পিটার হুজার বলেন, ‘আমরা যে যন্ত্রটি উদ্ভাবন করেছি, এটি হার্ডওয়্যার ও প্রোগ্রাম-সমন্বিত একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। তাই ক্যামেরার ধারণ করা চিত্র বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে যন্ত্রটির।’বিজ্ঞানীদের দাবি, ‘আই ট্র্যাকার’ নামে এই যন্ত্রটি আগামী বছরের মাঝামাঝি নাগাদ বাজারে আসতে পারে। আগামী জানুয়ারিতে এটির পরীক্ষামূলক ব্যবহার শুরু করার কথা। যন্ত্রটির দাম ২০০ পাউন্ডের মতো হবে বলে জানান তাঁরা। মেইল অনলাইন।