
যুক্তরাজ্যের রাজনৈতিক দলগুলো প্রতীকের পাশাপাশি রং দিয়েও পরিচিত। এবার নিজস্ব সেই রং দিয়ে নির্বাচনী প্রচারণার বিশেষ বাস নামিয়েছে তারা। বাসের গায়ের রং আর দলীয় স্লোগান বলে দিচ্ছে সবকিছু। এগুলোতে চড়েই নেতারা ঘুরে বেড়াবেন প্রচারণার বাকি দিনগুলো।
৭ মে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে গত সোমবার যুক্তরাজ্যের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করা হয়। শুরু হয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ওই দিন কনজারভেটিভ, লেবার ও লিবারেল ডেমোক্রেট পার্টির বিশেষ বাস উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। এগুলোকে বলা হচ্ছে ‘ব্যাটল বাস’।
কনজারভেটিভদের দলীয় রং নীল। ব্রিটিশ রাজনীতিতে নীল রং রক্ষণশীলতা, পৌরুষ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যের পরিচায়ক। এই দলের বিশাল আকৃতির বাসটিও নীল রঙে ঢাকা। যার মধ্যে হালকা করে ভাসছে যুক্তরাজ্যের পতাকা। বাসটির গায়ে লেখা কনজারভেটিভ দলের এবারের স্লোগান ‘পরিবর্তনের জন্য ভোট দিন’।
সামাজিক গণতন্ত্রী লেবার দলের রং লাল। তারা পাশ্চাত্যের গণতান্ত্রিক মতাদর্শের পাশাপাশি সমাজতান্ত্রিক অর্থনৈতিক উপাদানে বিশ্বাস করে।
লেবার দলের ছাই রঙে ঢাকা বাসটিতে দলীয় প্রতীক গোলাপ ফুলটি আঁকা হয়েছে লাল রঙে। লাল গোলাপের পাপড়িতে দৃশ্যমান যুক্তরাজ্যের পতাকা। বাসের গায়ে দলীয় নির্বাচনী স্লোগান ‘ভালো পরিকল্পনা, ভালো ভবিষ্যৎ’। নারী ভোটারদের আকৃষ্ট করতে লেবার পার্টি ‘গোলাপি’ মাইক্রোবাসও নামিয়েছে।
তৃতীয় বৃহত্তম দল লিবারেল ডেমোক্রেটদের রং হলুদ। যা ব্রিটিশ রাজনীতিতে উদারনৈতিক মতাদর্শের পরিচায়ক। এরা ব্যক্তিস্বাধীনতা ও সমতায় বিশ্বাসী। লিবারেল ডেমোক্রেট পার্টির বাসটিই সম্ভবত সবচেয়ে বড়। তাদের স্লোগান ‘শক্তিশালী অর্থনীতি, ন্যায়সংগত সমাজ, সবার জন্য সুযোগ’।
প্রতিটি বাসের পেছনের দিকে দলীয় নেতাদের জন্য রয়েছে ‘বোর্ড রুম’ কেতার বিশেষ কক্ষ। সামনের দিকে গণমাধ্যমকর্মীদের জন্য বসার আসন।