রণবীর সেনার প্রধান ব্রহ্মেশ্বর গুলিতে নিহত, কারফিউ
ভারতের বিহার রাজ্যের একটি নিষিদ্ধ বাহিনীর প্রধান ব্রহ্মেশ্বর সিং অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ব্রহ্মেশ্বর ছিলেন মিলিশিয়া বাহিনী রণবীর সেনার প্রধান। এ সংগঠনটির বিরুদ্ধে বেশ কয়েকটি গণহত্যার অভিযোগ রয়েছে।ব্রহ্মেশ্বর হত্যাকাণ্ডের পর বিহারের আরা নগরে গতকাল শুক্রবার দিনব্যাপী কারফিউ জারি করা হয়। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত থাকলেও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।আরার শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তা ধরমেশ কুমার বলেন, ‘আরা শহরে আমরা দিনব্যাপী কারফিউ জারি করেছি। পরিস্থিতি উত্তপ্ত ঠিকই, তবে তা নিয়ন্ত্রণে।’পাটনা থেকে ৭১ কিলোমিটার দূরে নওদা পুলিশ স্টেশনের কাতিরা মহল্লায় ব্রহ্মেশ্বর নিহত হয়েছেন। তিনি সকালে হাঁটতে বেরিয়েছিলেন, এ সময় একদল বন্দুকধারী তাঁকে গুলি করে হত্যা করে। বিভিন্ন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ব্রহ্মেশ্বর সম্প্রতি কারাগার থেকে খালাস পান। ব্রহ্মেশ্বর ১৯৯২ সালে রণবীর সেনা গঠন করেন। সংগঠনটির মূল ব্রত ছিল নিম্নবর্ণ ও মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করা। বিবিসি।