রদবদল হচ্ছে তৃণমূলের মন্ত্রিসভায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৩৪ আসন পেলেও দলের দুই তারকা প্রার্থীর পরাজয়ে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরাজয়ের খেসারত হিসেবে মমতা তাঁর দলের কৃষিমন্ত্রী মলয় ঘটককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

মলয় ঘটকের নির্বাচনী এলাকা বর্ধমানের আসানসোলে এবার জয়ী হয়েছেন সংগীতশিল্পী ও বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভানেত্রী ও মমতার ঘনিষ্ঠ দোলা সেনকে হারিয়েছেন।
অন্যদিকে মালদহে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন বাংলা ব্যান্ড ‘ভূমি’র শিল্পী সৌমিত্র রায়। মালদহ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণমন্ত্রী সাবিত্রী মিত্রের আসনেও হেরেছে দলের প্রার্থী। এর পরই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সাবিত্রী মিত্রের কাছে কারণ জানতে চেয়ে চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর সাবিত্রী পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে তৃণমূলের জেলা সভানেত্রীর পদ থেকে সরে গিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। মালদহ উত্তর আসনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন সৌমিত্র রায়। এই আসনেই তিনি কংগ্রেসের প্রার্থী মৌসুম বেনজির নুরের কাছে হেরেছেন।
এসব কারণে মমতা ব্যানার্জি তাঁর মন্ত্রিসভায় কিছু বদল আনতে চলেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে। মমতা সাবিত্রী মিত্র ও মুর্শিদাবাদের সাগরদীঘির বিধায়ক ও রাজ্যের পূর্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহাকে দপ্তরবিহীন মন্ত্রী করছেন। অন্যদিকে মালদহের আরেক মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্রাত্য বসুকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে পর্যটন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। আর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আবার অর্থমন্ত্রী অমিত মিত্রকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে। শশী পাঁজাকে দেওয়া হচ্ছে নারী ও শিশুকল্যাণ মন্ত্রণালয়।