রবার্ট ভদ্রের পেছনে কংগ্রেস নেতারাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী রবার্ট ভদ্রের পক্ষে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই ইস্যুতে কংগ্রেস নেতারাও তাঁর পাশে দাঁড়িয়েছেন। গান্ধী পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘সস্তা ও ভিত্তিহীন’ অভিযোগ আনায় বিজেপি নেতা নরেন্দ্র মোদির সমালোচনা করেছে কংগ্রেস।
কংগ্রেসের অভিযোগ, নরেন্দ্র মোদি অসাধু উদ্দেশ্য নিয়ে গান্ধী পরিবারের বিরুদ্ধে প্রতিশোধপরায়ণ রাজনীতি করছেন। রাজনৈতিক কারণে রবার্ট ভদ্রকে লক্ষ্য করে বিজেপির আক্রমণাত্মক বক্তব্যের পরিপ্রেক্ষিতে নীরবতা ভেঙেছেন প্রিয়াঙ্কা।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, মোদিসহ বিজেপির কয়েকজন নেতা গত দুই বছরে কংগ্রেসের ‘ভিন্ন সদস্যদের’ বিরুদ্ধে সস্তা আক্রমণের কৌশল বেছে নিচ্ছেন, যদিও তাঁরা জানেন এসব অভিযোগের ভিত্তি নেই। বিজেপি এখন অসাধু প্রচারণায় লিপ্ত। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ও সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অতীতেও অপপ্রচার হয়েছিল। কিন্তু ভারতের জনগণ এ রকম হীন রাজনীতি আবারও প্রত্যাখ্যান করবে।
সুরজেওয়ালা আরও বলেন, এলাহাবাদ হাইকোর্টে বিজেপির পৃষ্ঠপোষকতায় একটি জনস্বার্থ মামলা ২০১৩ সালে খারিজ হয়েছিল। আদালত বলেছিলেন, মামলাটি উদ্দেশ্যমূলক। ওই রায়ে সন্তুষ্ট না হয়ে মোদির বন্ধুরা সুপ্রিম কোর্টে আরেকটি মামলা করেন। সেটা ছিল বিজেপির সহায়ক একটি ব্যক্তিস্বার্থমূলক মামলা। সুপ্রিম কোর্ট সেটিও খারিজ করেন। জনগণ এখন আর নতুন কোনো ফাঁদে পা দেবে না।
রায়বেরেলিতে সোনিয়ার নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা বলেছিলেন, রবার্ট ভদ্রের পক্ষে পাল্টা লড়াইয়ের ফলে নিশ্চয়ই তাঁদের শত্রুসংখ্যা বাড়বে। হরিয়ানা ও রাজস্থান রাজ্যে বিতর্কিত ভূমি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে রবার্ট ভদ্রের বিরুদ্ধে বিজেপিসহ কয়েকটি রাজনৈতিক দল বহুদিন ধরেই ‘অর্থহীন’ সমালোচনা করে আসছে। পিটিআই।