
ভারতের ক্ষমতাসীন জোটের প্রধান দল কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের ভূমি ব্যবসায় কথিত অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল বিজেপি। দলটি এসব অভিযোগের ব্যাপারে কংগ্রেসের ব্যাখ্যাও চেয়েছে।
বিজেপির জ্যেষ্ঠ আইনপ্রণেতা যশবন্ত সিনহা গতকাল মঙ্গলবার লোকসভায় বলেন, অর্থ উপার্জন ও মুনাফার ব্যাপারে শেখার জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু একজন ব্যক্তি (ভদ্র) এসব প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই শত শত কোটি রুপি আয়ের কৌশল শিখে ফেলেছেন। উচ্চপর্যায়ে যোগাযোগ থাকায় তিনি কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই ব্যবসা করে চলেছেন। বিজেপির নেতা দাবি করেন, কংগ্রেসশাসিত রাজ্য হরিয়ানা, রাজস্থান ও দিল্লিতে প্রিয়াংকা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রের ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ তদন্ত দলকে (এসআইটি) দায়িত্ব দিতে হবে।
অর্থমন্ত্রী পি চিদাম্বরম ইচ্ছে করলে ভদ্রের কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারেন বলেও ব্যঙ্গোক্তি করেন যশবন্ত। কেন্দ্রীয় মন্ত্রী মনীশ তিওয়ারি তখন বলেন, লোকসভায় কোনো ব্যক্তির ব্যাপারে এ রকম আলোচনার সুযোগ নেই।
আবাসন ব্যবসাপ্রতিষ্ঠান ডিএলএফ ও রবার্ট ভদ্রের মধ্যে ৫৮ কোটি রুপির একটি চুক্তি বাতিল করার চেষ্টা করেছিলেন প্রশাসনিক কর্মকর্তা অশোক খেমকা। অভিযোগ রয়েছে, এ কারণেই তাঁকে বদলি করা হয়। বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনা হয়েছিল। খেমকা গত মে মাসে ভদ্রের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন হরিয়ানা সরকারের কাছে জমা দেন। এতে বলা হয়, সরকারি বিধি অমান্য করে ভদ্র সাড়ে তিন একর জমি ডিএলএফের কাছে বিক্রি করেছেন। এতে বিপুল মুনাফা হয়েছে তাঁর। এনডিটিভি।