রবার্ট ভদ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধীর জামাতা রবার্ট ভদ্রের সঙ্গে শীর্ষস্থানীয় এক আবাসন প্রতিষ্ঠানের কথিত ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন দেশটির দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়াল।অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করে বলেন, সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্র আবাসন প্রতিষ্ঠান ডিএলএফের কাছ থেকে বিশেষ সুবিধায় ঋণ নিয়েছেন। কংগ্রেসশাসিত রাজ্যগুলো থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার বিনিময়ে তিনি এই ঋণ পান।কেজরিওয়াল গত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘ভদ্রর বিরুদ্ধে আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে। এ ব্যাপারে আমরা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে একটি বিশেষ দল গঠন করে তদন্তের দাবি জানাচ্ছি।’ তবে এই অভিযোগ রবার্ট ভদ্রর পাশাপাশি ডিএলএফ-ও প্রত্যাখ্যান করেছে। অভিযোগ নিয়ে ইতিমধ্যে ভারতে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ডিএলএফের সঙ্গে ভদ্রর ব্যবসায়িক সম্পর্ক নিয়ে তদন্ত দাবি করেছে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিও (বিজেপি)।অভিযোগের প্রতিক্রিয়ায় ব্যবসায়ী রবার্ট ভদ্র বলেন, কেজরিওয়ালের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী দল তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, সেটি পুরোপুরি অসত্য, একেবারে ভিত্তিহীন ও মানহানিকর। অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেস-শাসিত হরিয়ানা রাজ্য সরকারের কাছে ওই প্রতিষ্ঠানকে কথিত ছাড় দেওয়া প্রসঙ্গেও ব্যাখ্যা দাবি করেছেন। বিবিসি।