রবার্ট মুগাবে আবারও জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে রবার্ট মুগাবে বিজয়ী হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে তিনি সপ্তমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
তবে নির্বাচনে কারচুপি হয়েছে বলে বিরোধী পক্ষ অভিযোগ করেছে। গত বুধবার দেশটিতে একই সঙ্গে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৯ বছর বয়স্ক রবার্ট মুগাবে পান ৬১ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী মর্গান সাভাঙ্গিরাই পান ৩৪ শতাংশ ভোট।
এর আগে সাভাঙ্গিরাই জানিয়েছিলেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এবং এ অভিযোগের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেন, তাঁর দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক কঙ্গো (এমডিসি) মুগাবের জানু-পিএফ পার্টির সঙ্গে আর কাজ করবে না। দল দুটি ২০০৮ সালের নির্বাচনের পর থেকে একসঙ্গে কাজ করছিল।
এদিকে জিম্বাবুয়ের পার্লামেন্ট নির্বাচনে জানু-পিএফের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে এমডিসি। ২২০ আসনের পার্লামেন্টে জানু-পিএফ পেয়েছে ১৫৮টি আর এমডিসি পেয়েছে মাত্র ৪৯টি আসন। বিবিসি, এএফপি।