রবীন্দ্রচর্চায় মশগুল চীনারা!
চীনারা আবারও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমে মজেছে বলে মনে হচ্ছে। কবিগুরুর আবক্ষ মূর্তি স্থাপন, তাঁর রচনাবলির অনুবাদ প্রকাশ ও তাঁর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে নোবেল বিজয়ী এই সাহিত্যিকের প্রতি সম্মান দেখাতে যাচ্ছে চীনারা। ১৯২০-এর দশকে দুবার চীন সফরে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মানের নিদর্শনস্বরূপ সাংহাইতে তাঁর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। তাঁর রচনাবলির অনুবাদ ২৮ খণ্ডে প্রকাশের একটি প্রকল্প হাতে নিয়েছে চীনের সরকারি প্রকাশনা সংস্থা। আগামী ১০ মে সাংহাইয়ে ওয়ার্ল্ড এক্সপোতে ভারতীয় প্যাভিলিয়নে আন্তর্জাতিক দর্শকদের উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে। ১৯২৪ সালে কবিগুরুর চীন সফরের ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হবে সেখানে। এ ছাড়া চীনের ওপর রবীন্দ্রনাথের প্রভাব নিয়ে বুকলেট বিতরণ করা হবে। ২০০৬ সালে বিশ্বকবি সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয় চীনা কমিউনিস্ট পার্টি। ওই সময় কমিউনিস্ট পার্টির পত্রিকা দ্য পিপলস ডেইলি আধুনিক চীনা চিন্তাধারাকে প্রভাবিত করেছেন—এ রকম ৫০ জন বিদেশি ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করে। ওই তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের নামও ছিল।পত্রিকাটি রবীন্দ্রনাথকে ‘ভারতের মহান কবি, লেখক, শিল্পী ও সমাজকর্মীদের একজন’ হিসেবে বর্ণনা করে। ১৯১৫ সালেও চীনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অনুবাদ করা হয়েছিল। ওই সময়কার প্রভাবশালী প্রকাশনা সংস্থা যেসব কবিতা প্রকাশ করেছিল, সেগুলো রবীন্দ্রনাথের লেখা হিন্দি ও ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছিল।রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলি অনুবাদ প্রকল্পে কাজ করছেন ১৭ জন অনুবাদক। তাঁদের একজন শি জিং উ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘এবার আমরা তাঁর রচনাবলি সরাসরি বাংলা থেকে অনুবাদ করছি। কবির ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০১১ সালের ৮ মের মধ্যে প্রথম দফায় পাঁচ খণ্ড প্রকাশিত হবে।’চীনা কবি জু ঝিমোর সাংহাইয়ের বাসভবনের নিকটবর্তী ছোট্ট একটি পার্কে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। রবীন্দ্রনাথ তাঁর চীন সফরের সময় ওই এলাকায় ছিলেন।ওয়ার্ল্ড এক্সপোতে দর্শনার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরের চীন সফরের ওপর বিভাষ মুখার্জির তৈরি একটি তথ্যচিত্র দেখতে পাবে। টাইমস অব ইন্ডিয়া।