রবীন্দ্রনাথ কৃষকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. আতিউর রহমান
ড. আতিউর রহমান

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, রবীন্দ্রনাথ কৃষকবান্ধব জমিদার ছিলেন। কৃষকদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে অনুরোধ করে তিনি অন্য জমিদারদের চিঠি লিখেছিলেন। এ জন্য তাঁকে অন্য জমিদারদের বিরাগভাজনও হতে হয়েছিল। রবীন্দ্রনাথ নিজ জমিদারিতে মণ্ডলীব্যবস্থা চালু করেন এবং জমিদারির আয় প্রজাদের সঙ্গে ভাগ করে নেন।
কানাডার ভ্যানকুভার রবীন্দ্র পরিষদ এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার ভারত ও দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্র যৌথভাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ড. আতিউর। ২২ এপ্রিল ‘অ্যানাদার টেগোর: আ ক্যাম্পেইনার অব ইমান্সিপেশ্যান অব দ্য পিস্যান্ট্রি ইন বেঙ্গল’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সাহিত্যাঙ্গনের বাইরে সমাজ ও কৃষি সংস্কারক হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি বিস্তীর্ণ কর্মময় জীবন রয়েছে, সে ব্যাপারে সেমিনারে আলোকপাত করেন। তিনি বলেন, পূর্ব বাংলায় (বর্তমান বাংলাদেশ) পারিবারিক জমিদারি দেখাশোনার সময় কৃষকদের দুরবস্থা তাঁর মনকে গভীরভাবে পীড়া দিত। তাঁর মতে, জমিদার প্রজাদের প্রভু নন, বরং সম্পত্তির রক্ষক মাত্র।
আতিউর রহমান বলেন, তৎকালীন সমাজের ধারায় অক্সফোর্ড বা কেমব্রিজে না পাঠিয়ে রবীন্দ্রনাথ তাঁর ছেলে রথীন্দ্রনাথকে কৃষিবিজ্ঞান পড়তে আমেরিকা পাঠান। শিক্ষা শেষে রথীন্দ্রনাথ শান্তিনিকেতনে ফিরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষির উন্নয়নে মন দেন।
সাবেক গভর্নর বলেন, রবীন্দ্রনাথ কৃষকদের কৃষিবহির্ভূত আয় বৃদ্ধিরও চেষ্টা করেন। ঋণের দুষ্টচক্র থেকে কৃষকদের মুক্তিদানের উদ্দেশ্যে তিনি নওগাঁর পতিসর ও শান্তিনিকেতনের শ্রীনিকেতনে দুটি ব্যাংক চালু করেন। তিনি সমবায়কে উৎসাহিত করেছিলেন।
ড. আতিউর আরও বলেন, রবীন্দ্রনাথ ‘অর্জিত স্বাধীনতায়’ বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন, কৃষকদের মুক্তির জন্য আত্মোন্নয়নের কোনো বিকল্প নেই, আর তাই সবার আগে কৃষকদের মধ্যে আত্মসচেতনতা ও আত্মোপলব্ধির বিকাশ প্রয়োজন। কৃষকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ করে তিনি নানা রকম গ্রামীণ মেলা এবং উৎসবের আয়োজন করেন, যাতে করে কৃষকেরা একত্র হয়ে তাঁদের অন্তর্নিহিত শক্তিকে সমুন্নত করতে পারে।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে আতিউর রহমান ধর্মীয় সহিষ্ণুতা ও অসাম্প্রদায়িক চেতনার বিকাশে রবীন্দ্রনাথের দর্শনের উপযোগিতার কথা উল্লেখ করেন।
ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার ইমেরিটাস অধ্যাপক মন্দাক্রান্তা বোস সেমিনারে সভাপতিত্ব করেন। সেমিনারের শেষ পর্বে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন অর্ণ কমলিকা ও শঙ্খনাদ মল্লিক। বিজ্ঞপ্তি।