রবীন্দ্রনাথের নামে প্রবর্তিত সম্মাননা পাচ্ছেন রবিশঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রবর্তিত বিশেষ একটি সম্মাননা দিতে যাচ্ছে ভারত সরকার। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বে একটি জুরি বোর্ড এ বছর এই সম্মাননার জন্য মনোনীত করেছেন ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করকে। ইতিমধ্যে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এ সম্মাননার জন্য রবিশঙ্করের নাম ঘোষণা করেছেন। এই বিশেষ সম্মাননার পাশাপাশি এক কোটি ভারতীয় রুপিও দেওয়া হবে রবিশঙ্করকে। সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হচ্ছে।গত বছর রবীন্দ্রনাথ ঠাকুরের নামে ‘টেগর অ্যাওয়ার্ড’ ঘোষণা করেন মনমোহন সিং। জুরি বোর্ডের পরামর্শে সম্প্রতি এই সম্মাননার নাম পরিবর্তন করে ‘টেগর অ্যাওয়ার্ড ফর কালচারাল হারমনি’ রাখা হয়।শিগগির এ সম্মাননা প্রদানের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে রবিশঙ্করের হাতে সম্মাননা তুলে দেবেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এই পুরস্কার দেওয়া হচ্ছে।১৯২০ সালে ভারতের বেনারসে জন্মেছিলেন রবীন্দ্র শঙ্কর চৌধুরী; যিনি ‘রবিশঙ্কর’ নামেই বিশ্বে পরিচিত। ১৯৩৮ সালে নাচ ছেড়ে দিয়ে সংগীতজ্ঞ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখা শুরু করেন। ১৯৪৪ সালে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। ১৯৪৯ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সংগীত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী (১৯৫৫), অপরাজিত (১৯৫৬) এবং অপুর সংসার (১৯৫৯) ছবির সংগীত পরিচালনা করে ব্যাপক প্রশংসিত হন রবিশঙ্কর। পিটিআই অনলাইন।