রমজান উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রীর বিবৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

পবিত্র মাহে রমজান উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডাসহ বিশ্বের সব মুসলমানের জন্য গত ২৬ মে এক বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন, ‘আজ সন্ধ্যার পর থেকে কানাডার সব মুসলিমসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের শুভারম্ভ করতে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘রমজান মাস মুসলিম কমিউনিটির জন্য এক পবিত্র সময়। মুসলমানরা এই মাসে তাঁদের ধর্মগ্রন্থ কোরআন পাক নবী মুহাম্মদ (সা.)–এর ওপর অবতীর্ণ হওয়ার বিষয়টি উদ্যাপন করে। মাসব্যাপী এই রোজা ও ইবাদত–বন্দেগি মানুষের আধ্যাত্মিক, মানসিক চেতনা এবং সমবেদনার উন্মেষ ঘটায় এবং তা অন্য সুবিধাবঞ্চিতদের জানানোর জন্য উৎসাহিত করে।’
বিবৃতিতে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, ‘রমজান মাস মুসলিম কমিউনিটির জন্য এমনই একটি সময়, যখন মুসলমানরা বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেন এবং সন্ধ্যাকালীন খাওয়ার ইফতার সারেন। আমাদের সবার জন্যই রমজান হচ্ছে সৃষ্টিকর্তার কাছ থেকে আমরা যে যতটুকু উপহার হিসেবে যা পেয়েছি, তা যথাযথভাবে মনেপ্রাণে উপলব্ধির সময়। আমাদের কমিউনিটিসহ বিশ্বের সবাকেই উদারভাবে সাহায্য করার তাগিদ দেয় এই রমজান।’
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘এ বছর যেহেতু আমরা কানাডার কনফেডারেশনের ১৫০তম পূর্তি উদ্যাপন করতে যাচ্ছি, তাই আসুন আমরা সবাই মিলে নানান কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও বিশ্বাস দিয়ে গড়া এই বাসযোগ্য দেশ আমাদের সুন্দর কানাডাকে সম্মান করি।’ আজকের এই শক্তিশালী বৈচিত্র্যময় ও সর্বব্যাপী দেশ কানাডাকে তৈরি করতে মুসলিম কানাডিয়ানদেরও অবদান আছে বলে তিনি উল্লেখ করেন।
পরিশেষে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাঁর স্ত্রী সোফি এবং নিজ পরিবারের পক্ষ থেকে কানাডাসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য ‘রমজান মোবারক’ বলে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পাওয়ার পর উৎসাহীদের ব্যাপকভাবে ইতিবাচক মন্তব্য করতে দেখা যায়। –বিজ্ঞপ্তি