রমজানেও বিভিন্ন দেশে জঙ্গিরা তত্পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরব বিশ্বে গত রোববার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। ইরাক, সিরিয়া, লিবিয়া, মিসর—এসব দেশে রমজান শুরু হয়েছে এক টালমাটাল পরিস্থিতির মধ্যে। এই পবিত্র মাসেও এসব দেশে জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে ১৬০ কোটি মুসলমান রমজান মাসে সিয়াম সাধনা করবেন।
ইরাক ও সিরিয়া এখন জিহাদি বলে পরিচয় দেওয়া ইসলামি সুন্নি জঙ্গিদের সহিংস তত্পরতায় উত্তপ্ত। জঙ্গি তত্পরতায় ভরা উপমহাদেশের দুটি দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিমরাও শান্তিতে নেই। রমজান শুরু হয়েছে এমন এক সময়ে, যখন ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসি সিরিয়ায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে।
এএফপির প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ায় তিন বছর ধরে সহিংসতা, সংঘর্ষ ও হত্যাযজ্ঞ চলছে। ওআইসির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ায় রক্তপাত ও হত্যাযজ্ঞ বন্ধ করতে আরব লিগের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সৌদি বাদশা আবদুল্লাহ বলেন, ইসলাম হচ্ছে ঐক্য, ভ্রাতৃত্ব ও সমঝোতার বন্ধন। কিন্তু অনেকে এর অপব্যাখ্যা দিয়ে এটিকে জঙ্গিবাদী করে তুলছে।

ইরাকে ৯ জুন থেকে সুন্নি জঙ্গিরা ইরাকের উত্তরাঞ্চলের শহরগুলো নিজেদের দখলে নিয়েছে। তাদের লক্ষ্য হলো সিরিয়া ও ইরাকে একটি খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্য হাসিলে রমজানজুড়ে তারা সহিংস অভিয়ান চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে আল-কায়েদার সহযোগী জঙ্গি সংগঠন আল শাবাব হুঁশিয়ার করেছে, রমজানে তারা সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে হামলা চালাতে পারে।

আল শাবাবের শেখ আলী মোহাম্মদ হোসেন বলেন, মুজাহিদরা হামলার জন্য লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে। কারণ রমজান মাসে জঙ্গিরা সক্রিয় থাকবে বলে মনে করা হচ্ছে। সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ বলেন, রমজানে পুলিশ বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে।

বিশ্বের ২২ কোটি ৫০ লাখ মুসলিম-অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় রমজান মাসে জঙ্গিরা হামলা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জঙ্গি সংগঠন দ্য ইসলামিক ডিফেনডারস ফ্রন্টের প্রধান সালিম আলাতাস বলেন, যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামবিরোধী দোকানপাট বন্ধ না করে, তাহলে তাঁরা নিজেরাই এ ব্যাপারে ব্যবস্থা নেবেন।