রমনি প্রার্থী হোন চাননি ছেলেরা!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির সন্তানেরা চাননি, তাঁদের বাবা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করুন। অবশ্য তাঁর স্ত্রী অ্যান রমনি ও এক ছেলে পক্ষে ছিলেন। যুক্তরাষ্ট্রের টিবিএস কেব্ল নেটওয়ার্কে প্রচারিত কোন্যান ও ব্রায়েন অনুষ্ঠানে রমনির স্ত্রী ও ছেলেরা এ কথা জানান। রমনির পাঁচ ছেলে এই অনুষ্ঠানে যোগ দেন। রমনির ছেলে জোশ রমনি বলেন, প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে তাঁদের পুরো পরিবার ‘বিচলিত’ ছিল। তিনি বলেন, ‘আমরা এমনিতে খুব ভালোই ছিলাম। আমরা এটা স্বীকার করি, বাবা নির্বাচনে প্রার্থী হলে দেশের জন্য মঙ্গল হবে। কিন্তু আমাদের জন্য, পরিবারের জন্য এর প্রয়োজন নেই।’ তিনি বলেন, ‘আমরা আমাদের জীবনযাত্রার গতি স্বাভাবিক রাখতে চাই, তাই শুরুতে বাবার প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়টি মেনে নিতে পারিনি।’রমনির স্ত্রী অ্যান ও ছেলে ট্যাগ রমনির প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতাকে শুরু থেকে সমর্থন দেন। রমনির আরেক ছেলে ম্যাট রমনি বলেন, ‘আমি বাবাকে প্রতিদ্বন্দ্বিতায় না যেতে বোঝানোরও চেষ্টা করেছি। তবে দেশের কথা বিবেচনা করে মনে হচ্ছে, বাবা ঠিক কাজই করেছেন।’রমনি ও অ্যান দম্পতির আরেক ছেলে বেন রমনি বলেন, ‘আমি শুরু থেকেই বাবার পক্ষে ছিলাম।’ একপর্যায়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘আপনারা আমাকে বলতে পারেন, আমি প্রচারে থাকতে পছন্দ করি।’ ছেলেরা রমনির সম্পর্কে জানালেন, তিনি কৌতুক পছন্দ করেন। বাবার সঙ্গে অনেক বিষয় নিয়েই আলোচনা করেন তাঁরা।রমনি রিপাবলিকান পার্টির প্রাথমিক বাছাইয়ে প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন। আগস্টে দলীয় সম্মেলনে দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে। এএফপি।