মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি ডেনভারে বিতর্কমঞ্চে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ করেছেন ডেমোক্রেট পার্টির প্রার্থী প্রেসিডেন্ট বারাক ওবামা।রমনির সঙ্গে কলোরাডোর ডেনভার বিশ্ববিদ্যালয়ে গত বুধবার তর্কযুদ্ধে পরাজিত হওয়ার পরদিন এই পাল্টা আক্রমণ করলেন ওবামা।গত বৃহস্পতিবার ভার্জিনিয়ায় প্রায় ১২ হাজার সমর্থকের সমাবেশে ওবামা তাঁর প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে বলেন, ‘নিজের রাজনৈতিক নীতি ও প্রতিশ্রুতির বিষয়ে সত্য কথাগুলো বলুন।’বিতর্ক পর্যবেক্ষণকারীদের অধিকাংশের মতে, প্রথম টেলিভিশন বিতর্কে রমনির আক্রমণের মুখে পরাজিত হয়েছেন ওবামা। বিতর্কের পর অনেক ভোটার মনে করছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙা করা, কর্মসংস্থান সৃষ্টি ও বাজেট-ঘাটতি পূরণে ভালো করবেন রমনি। গত বৃহস্পতিবার প্রচারণা সভায় ওবামা বলেন, ‘বিতর্কমঞ্চে উঠে প্রাণবন্ত যে ব্যক্তিকে আমি দেখি, তিনি নিজেকে মিট রমনি বলে দাবি করেন। কিন্তু এই ব্যক্তি প্রকৃত রমনি হতে পারেন না। কারণ আসল রমনি গত বছর পাঁচ ট্রিলিয়ন ডলার কর হ্রাসের দাবিতে সারা দেশে প্রচারণা চালিয়েছিলেন। যে প্রচারণা ছিল ধনবানদের পক্ষে ওকালতি করা। অথচ বিতর্কের মঞ্চে ওঠা ওই ব্যক্তি (রমনি) বললেন, তিনি এই বিষয়ে কিছুই জানেন না।’বিতর্কে জয়ের পর থেকে রমনির প্রচারণা চাঙা হয়ে উঠেছে। বৃহস্পতিবার ভার্জিনিয়ায় নিজের প্রচারণায় ওবামার সমালোচনার সরাসরি কোনো জবাব দেননি রমনি। তবে তিনি বলেন, বিতর্কে ওবামা আরও এক মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য আত্মপক্ষ সমর্থন করতে ব্যর্থ হয়েছেন।রমনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ওবামাকে কিছু প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম, যেগুলো পুরো আমেরিকা তাঁকে করতে চায়।’ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রমনি বলেন, ৪৭ শতাংশ মার্কিন নাগরিক সরকারের ওপর নির্ভরশীল—তাঁর এই মন্তব্য সম্পূর্ণ ভুল ছিল। গত সেপ্টেম্বরে গোপনে ভিডিওচিত্রে ধারণ করা ওই মন্তব্য পরে ফাঁস হয়ে যায়। এ নিয়ে রমনিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। ওই পরিস্থিতি সামাল দিতে রমনি বলেন, ‘নির্বাচনী প্রচারণা চলাকালে আপনাকে শত শত প্রশ্নের জবাব দিতে হবে। নানামুখী প্রশ্নের উত্তর দিতে হবে। যার সব কটি সত্য না-ও হতে পারে। এ ক্ষেত্রে আমি এমন কিছু মন্তব্য করেছিলাম যা ছিল শতভাগ ভুল।’বুধবার ডেনভারে দেড় ঘণ্টাব্যাপী এ টেলিভিশন বিতর্ক প্রায় ছয় কোটি ৭২ লাখ দর্শক দেখেছে বলে জানিয়েছে জরিপ সংস্থা এসি নিয়েলসেন। ১৬ অক্টোবর নিউইয়র্ক ও ২২ অক্টোবর ফ্লোরিডায় আরও দুটি বিতর্ক হওয়ার কথা রয়েছে। বিবিসি ও রয়টার্স।