রমনি-স্যান্টোরামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনি ও পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম অন্যদের পেছনে ফেলে দিয়েছেন। বাকি অঙ্গরাজ্যগুলোতে এই দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার প্রকাশিত জাতীয় পর্যায়ে দুটি জনমত জরিপের ফলাফলে এ ধরনের আভাস পাওয়া গেছে। দুজনই এখন মনোনয়ন দৌড়ে জয়ী হতে ঊর্ধ্বশ্বাসে ছুটছেন। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পিউ রিসার্চ সেন্টার পরিচালিত জনমত জরিপের ফলাফলে কট্টর রক্ষণশীল রিক স্যান্টোরাম বেশ এগিয়ে আছেন। তাঁর সমর্থন এখন ৩০ শতাংশ। সে তুলনায় রমনি একটু পিছিয়ে। তাঁর সমর্থন ২৮ শতাংশ। এক মাস আগে একই জরিপের ফলাফলে রমনির সমর্থন ছিল ৩১ শতাংশ। ওই সময় স্যান্টোরামের সমর্থন ছিল মাত্র ১৪ শতাংশ। চলতি মাসের একই সময় গ্যালাপ জরিপের ফলাফলে দেখা গেছে, রমনির সমর্থন রয়েছে ৩২ শতাংশ এবং স্যান্টোরামের সমর্থন ৩০ শতাংশ। এতে স্পষ্ট যে, সামনের বাছাই দৌড়ে তাঁদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। এদিকে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ জয়ী হওয়ার পর অনেকে তাঁকে রমনির প্রবল প্রতিদ্বন্দ্বী ধরে নিয়েছিল। কিন্তু পরবর্তী বাছাইগুলোতে তাঁর সমর্থন বেশ কমে গেছে। সে তুলনায় টেক্সাসের কংগ্রেস সদস্য রন পল বাছাই প্রতিযোগিতায় হারিয়ে যেতে যেতে মেইন অঙ্গরাজ্যের ককাসে জ্বলে উঠেছেন। এই অঙ্গরাজ্যে খুব অল্প ব্যবধানে রন পলকে হারিয়ে জয়ী হন রমনি। এএফপি।