রমনি ‘চাকরিখেকো ভ্যাম্পায়ার’!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী মিট রমনিকে চাকরিখেকো ‘ভ্যাম্পায়ার’ বলে আখ্যায়িত করেছে প্রেসিডেন্ট বারাক ওবামার শিবির। এ নিয়ে তারা একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, সাবেক এই পুঁজিবাদী নানাভাবে মানুষকে ঠকিয়ে, শোষণ করে বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন। মিট রমনির করপোরেট-বান্ধব হিসেবে সুনাম রয়েছে। নির্বাচনী প্রচারাভিযানে রমনি বলেছিলেন, মার্কিন নাগরিকদের জন্য নতুন কর্মসংস্থানের ব্যাপারে তিনি তাঁর ব্যবসায়িক অভিজ্ঞতাকে কাজে লাগাবেন। আর রমনির এই বক্তব্যকে খণ্ডন করেছে ওবামার শিবির। পাল্টা যুক্তি হিসেবে ছয় মিনিটের এক ভিডিওচিত্র তৈরি করে তারা দেখিয়ে দিয়েছে, রমনির ব্যবসাপ্রতিষ্ঠান বেইন ক্যাপিটাল ‘জিএসটি স্টিল’ নামের একটি ইস্পাত কারখানা প্রতিষ্ঠার পর তা বন্ধ করে দেওয়ার ফলে বহু লোক কর্মহীন হয়। ভিডিওচিত্রটি শিগগিরই মার্কিন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।ভিডিওচিত্রে শ্রমিক জন ওয়াইজম্যান বলেন, ‘এই কারখানার মাধ্যমে বেইন ক্যাপিটাল বিপুল অর্থ হাতিয়ে নেয়। আমরা মিট রমনিকে চাকরি ধ্বংসকারী হিসেবেই দেখি।’ আরেক শ্রমিক জ্যাকব কব বলেন, ‘এটা ছিল অনেকটা ভ্যাম্পায়ারের মতো। এটা আসলে আমাদের জীবনটা শুষে নিয়েছে।’ রয়টার্স।