রমনিকে নিয়ে ওবামার কৌতুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস করেসপনডেন্টস অ্যাসোসিয়েশনের (হোয়াইট হাউস ও মার্কিন প্রেসিডেন্টের খবর যেসব সংবাদকর্মী সংগ্রহ করেন, তাঁদের সংগঠন) বার্ষিক ভোজে প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিট রমনিসহ খ্যাতিমান বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কৌতুক করেছেন।গত শনিবার রাতে ওয়াশিংটন ডিসির ‘ওয়াশিংটন হিলটন’ হোটেলে এই বার্ষিক ভোজের আয়োজন করা হয়। এতে দুই হাজারেরও বেশি রাজনীতিক, বিভিন্ন অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাংবাদিকেরা অংশ নেন। উপস্থিত ছিলেন লিন্ডসে লোহান, জর্জ ক্লুনি, কিম কার্দিশানের মতো হলিউড ও টিভির অনেক তারকা।ওয়াশিংটনের গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য প্রেসিডেন্টের দেওয়া এই নৈশভোজ বছরের সবচেয়ে বড় সামাজিক আয়োজন। ‘ব্ল্যাক টাই ডিনার’ নামে পরিচিত এই অনুষ্ঠান মার্কিন প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকতার বাইরে এসে স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত আচরণের সুযোগ করে দেয়।অনুষ্ঠানে ওবামা তাঁর দেওয়া ভাষণে মার্কিন কংগ্রেস, সিক্রেট সার্ভিস সদস্যদের আচরণ নিয়েও ব্যঙ্গ করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ওবামার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির বিপুল অর্থবিত্ত ও তাঁর পোষা কুকুর নিয়ে রসাত্মক মন্তব্য করেছেন তিনি। যদিও রিপাবলিকান দলের আনুষ্ঠানিক মনোনয়ন পেতে রমনিকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।ওবামা বলেন, রমনির বিত্তবৈভবের কাছে রিপাবলিকান দলের অন্য প্রার্থীরা প্রচারণার মাঝপথেই অর্থের জোয়ারে ভেসে গেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রমনির দুটি ডিগ্রি অর্জন নিয়েও কৌতুক করতে ছাড়েননি ওবামা। ডিগ্রি অর্জনে পারদর্শিতার জন্য কৌতুক করে রমনিকে ‘উন্নাসিক ব্যক্তি’ বলে আখ্যায়িত করেছেন। বাদ যায়নি রমনির পোষা কুকুরের প্রসঙ্গটিও। ম্যাসাচুসেটসের সাবেক এই গভর্নর কয়েক বছর আগে পারিবারিক ভ্রমণে তাঁর পোষা কুকুরটিকে গাড়ির ছাদে করে নিয়ে যান।ওবামা পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে নিয়েও রসিকতা করেন। অনুষ্ঠান চলার সময় হিলটন হোটেলটির বলরুমের বড় পর্দায় বিভিন্ন ঘটনার ফুটেজ ও স্থিরচিত্র প্রদর্শন করা হয়। এতে দেখা যায়, হিলারি কয়েক সপ্তাহ আগে কলম্বিয়ায় অনুষ্ঠিত ‘সামিট অব দ্য আমেরিকাস’ সম্মেলনের নৈশ আয়োজনে বন্ধুদের সঙ্গে পানাহার করছেন। এই সম্মেলনেই সিক্রেট সার্ভিসের এজেন্টদের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে যৌন কেলেঙ্কারির অভিযোগ ওঠে।ওবামা বলেন, চার বছর আগে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট মনোনয়নের জন্য প্রার্থিতা বাছাইয়ের ক্ষেত্রে আমাকে কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছিলেন হিলারি। কিন্তু চার বছর পর পানাহাররত অবস্থায়ও কার্টাজেনায় সিক্রেট সার্ভিস এজেন্টদের কীর্তির কথা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে আমাকে জানাতে ভুল করেনি তিনি। বিবিসি, এএফপি, রয়টার্স।