রমনিকে সমর্থন দিলেন স্যান্টোরাম
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী মিট রমনিকে সমর্থন দিয়েছেন তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম। গত সোমবার রাতে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। স্যান্টোরামের এই সমর্থনের ফলে রক্ষণশীল ভোটাররা রমনিকে সমর্থন দেবেন বলে ধারণা করা হচ্ছে।সোমবার গভীর রাতে এক বিবৃতিতে স্যান্টোরাম বলেন, তাঁদের মধ্যে মতভেদ আছে। কিন্তু দুজনে মধ্যে একটি বৈঠকের পর অর্থনৈতিক ও পারিবারিক বিষয়ে রমনির গভীর চিন্তাভাবনা তাঁকে মুগ্ধ করেছে।স্যান্টোরাম বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে এ ব্যাপারে আমরা একমত হয়েছি, ওবামাকে হারাতেই হবে। কাজটা সহজ হবে না। আমাদের মনোনীত প্রার্থীকে জয়ী করতে সবার সহযোগিতা দরকার।’আগামী নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মিট রমনি এখন সমর্থন লাভে এগিয়ে আছেন। দলের আনুষ্ঠানিক মনোনয়ন না পেলেও তাঁকেই ওবামার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বলে ধরা হচ্ছে। রয়টার্স।