রমনির পক্ষে ঐক্য গড়া সহজ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট পদে মনোনয়নের লম্বা দৌড়ে মিট রমনি বারবার যে কথাটি বলেছেন, তা হচ্ছে তিনি জাতীয় রাজনীতিতে ঐক্য প্রতিষ্ঠা করতে চান। গভর্নর হিসেবে তাঁর কয়েক বছরের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্যও ওয়াশিংটনের মসনদে বসার সুযোগ চেয়েছেন তিনি। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে ফ্লোরিডার জ্যাকসনভিলে রমনি বলেন, ‘সারির উভয় দিকে হাত বাড়িয়ে আমি বিবেচক ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের নিয়ে একসঙ্গে কাজ করতে চাই।’ কিন্তু মার্কিন রাজনীতিতে দলীয় বিভেদের মাত্রা যখন গভীর অতলে পৌঁছেছে, তখন রমনির ঐক্যের ডাক ‘ব্যর্থ পরিহাস’-এর মতো শোনাবে বলেই বিশ্লেষকদের অনেকের আশঙ্কা। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, মাত্র গত ফেব্রুয়ারিতেই কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে রমনি বলেছিলেন, ‘একচেটিয়া ডেমোক্র্যাট এক অঙ্গরাজ্যে আমাকে অনেক প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে হয়েছে। তবে আমি ছিলাম অতি রক্ষণশীল একজন রিপাবলিকান গভর্নর।’এই ‘অতি রক্ষণশীল রিপাবলিকান’ কীভাবে প্রেসিডেন্ট হলে দ্বিদলীয় মতৈক্য প্রতিষ্ঠা করবেন—রমনির সমালোচকদের প্রশ্ন সেটাই। তবে রমনির প্রচারণা ব্যবস্থাপক দলের সদস্য জ্যেষ্ঠ উপদেষ্টা কেভিন ম্যাডেন বলেছেন, ঐক্যের ডাক আর নিজেকে অতি রক্ষণশীল হিসেবে ঘোষণা করা এই দুটির মধ্যে বিরোধ নেই। এই দুটিকে বিচ্ছিন্ন করে দেখলে ভুল হবে। ম্যাডেন বলেছেন, মিট রমনি কিছু বড় জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়াশিংটনে ‘সব ধরনের বিপরীতধর্মী আদর্শ’-এর সম্মিলন ঘটানোর চেষ্টা করবেন। রমনির সম্ভাব্য বিজয়ের কথা মাথায়রেখে তারা ইতিমধ্যেই হাতে নিয়েছেন ‘রেডিনেস প্রজেক্ট’ নামে একটি প্রকল্প। এই প্রস্তুতি-দল ইতিমধ্যেই রিপাবলিকান দলের জ্যেষ্ঠ কংগ্রেসম্যানদের সঙ্গে অন্তত একটি বৈঠক করেছেন। প্রায় ১০ বছর আগে গভর্নর হিসেবে কিছু কিছু ইস্যুতে উভয় দলের আইনপ্রণেতাদের সমর্থন আদায় করতে পেরেছিলেন মিট রমনি। কিন্তু দেশের রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ বদলে গেছে। রমনি প্রেসিডেন্ট হলে তাঁকে মোকাবিলা করতে হবে এক বৈরী তথা অকার্যকর কংগ্রেস। প্রেসিডেন্ট নির্বাচনে হারার জন্য ‘প্রতিশোধকামী’ একদল ডেমোক্র্যাট সদস্য তো থাকবেই, পাশাপাশি থাকবে সমঝোতায় অনাগ্রহী নিজ দলের কট্টর ‘টি পার্টি’র সমর্থকেরা। প্রবীণদের জন্য দেশের স্বাস্থ্যসেবাব্যবস্থার আংশিক বেসরকারীকরণের যে অঙ্গীকার রমনি প্রচারণার সময় করেছেন, তা বাস্তবায়ন নিয়ে সংঘাত হতে পারে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হবে দেশের ক্রমবর্ধমান সরকারি ঋণের বিষয়টি মোকাবিলা করা। অনেক অর্থনীতিবিদই মনে করেন, আগামী কংগ্রেস বাজেটসংকট মেটাতে সমঝোতায় পৌঁছাতে না পারলে রমনি অর্থনীতির ওপর এক বিরাট বোঝা নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করবেন। দ্বিধাবিভক্ত ও খোঁড়া কংগ্রেসের জন্য কাজটা সহজ হবে না। এ ছাড়া ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক রাজনীতিতে সারা জীবন কাটানোর পর ওয়াশিংটনে রমনি হবেন একজন নবাগত। তা প্রচারণার সময় তিনি নিজেও বলেছেন। তবে রিপাবলিকান শিবিরের জন্য আশার কথা হচ্ছে, হোয়াইট হাউসে তিনি নিঃসঙ্গ হবেন না। সাম্প্রতিক ইতিহাসে দেখা গেছে, সাবেক গভর্নররা প্রেসিডেন্ট হলে তাঁদের ঘনিষ্ঠ সহযোগী ও বন্ধুদের সঙ্গে নিয়ে আসেন গুরুত্বপূর্ণ পদে বসাতে। সূত্র: সিএনএন।