রমনির প্রতি রিপাবলিকান নেতাদের সমর্থন বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশীদের লড়াইয়ে এগিয়ে থাকা মিট রমনিকে সমর্থন দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিও। রুবিও রিপাবলিকান কট্টরপন্থী ও টি পার্টির ভোটারদের মধ্যে বেশ জনপ্রিয়।রমনির প্রতি সমর্থন জানিয়ে রুবিও বলেন, রমনি চমৎকার একজন প্রেসিডেন্ট হবেন। ‘বিপর্যয় সৃষ্টিকারী’ প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে ভালো হবেন তিনি। ফক্স নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রুবিও।মার্কো রুবিও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রমনির রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন বলে গুজব রয়েছে। তবে রুবিও জানান, এ পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা তাঁর নেই।রুবিওর সমর্থন রমনির জন্য দারুণ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই সমর্থনের ফলে রমনির লাতিনো ভোটারদের সমর্থন পাওয়ার চমৎকার সুযোগ তৈরি হলো।স্প্যানিশ বংশোদ্ভূত রুবিও বলেন, রমনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন। তিনি বর্তমান প্রেসিডেন্টের তুলনায় ভালো করবেন।রমনিকে রিপাবলিকান প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে প্রাইমারি ও ককাসে অনেক বেগ পেতে হবে—এমন ধারণাও নাকচ করে দিয়েছেন রুবিও। তিনি বলেন, ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনি তাঁর প্রচারাভিযানে খাঁটি রক্ষণশীল হিসেবে নিজেকে তুলে ধরছেন।রুবিওর সমর্থন পেয়ে উচ্চ্ছ্বসিত রমনি বলেন, ‘রুবিও ছিলেন আমেরিকান ড্রিমের জীবন্ত উদাহরণ। তিনি আমাদের রাজনীতিতে থাকা উজ্জ্বলতম আলোগুলোর একটি। বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান আবার সবার ওপরে তুলে ধরতে সিনেটে নেতৃত্ব দেওয়া কণ্ঠগুলোর একজন হলেন রুবিও।’রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের লড়াইয়ে এই মুহূর্তে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন রমনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পেনসিলভানিয়ার সাবেক সিনেটর রিক স্যান্টোরাম এ পর্যন্ত রমনির অর্ধেক প্রতিনিধির সমর্থন পেয়েছেন।একই দিনে রিপাবলিকান দুই প্রভাবশালী নেতা বুশ ও রুবিওর সমর্থন পাওয়া রমনির জন্য দারুণ এক ব্যাপার। রমনির মুখপাত্র গেইল গিটকো জানান, বৃহস্পতিবারই টেক্সাসের হিউস্টনে বুশ ও রমনিকে একসঙ্গে দেখা যাবে।বুশ ও রুবিওর সমর্থনের সপ্তাহ খানেক আগে ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ রমনির প্রতি সমর্থন জানান।এদিকে দলীয় মনোনয়ন পেতে রমনির প্রতিদ্বন্দ্বী সাবেক স্পিকার নিউট গিনরিচ তাঁর প্রচারাভিযানের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। তিনি নাটকীয়ভাবে তাঁর প্রচারাভিযানের কর্মকর্তার সংখ্যা কমিয়ে ফেলেছেন।আগামী ৬ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ওবামার সঙ্গে। বিবিসি।