রমনির বিরুদ্ধে ওবামার আক্রমণাত্মক বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বারাক ওবামা ও মিট রমনির লড়াই ক্রমে বৈরী ও তিক্ত হচ্ছে। রিপাবলিকান পার্টির প্রার্থী রমনির বিরুদ্ধে অভিযোগ এনে ডেমোক্রেটিক পার্টি সম্প্রতি একটি আক্রমণাত্মক বিজ্ঞাপন প্রচার করেছে। ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপনটিতে অভিযোগ করা হয়, অর্থবিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান বেইন ক্যাপিটালের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে রমনি মার্কিন স্বার্থ বিদেশিদের হাতে বিকিয়ে দেন। যুক্তরাষ্ট্রভিত্তিক কর্মীদের তখন মেক্সিকো ও চীনের বিভিন্ন প্রকল্পে স্থানান্তর করা হয়। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে বেইন ক্যাপিটালের প্রধানের পদ ছাড়েন রমনি। তিনি ওই পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ওই বছরের পর বেইন বিদেশে চাকরি স্থানান্তরকারী কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। এ ছাড়া রমনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের গভর্নর থাকাকালে ভারতে বেশ কিছু চাকরি সরিয়ে (আউটসোর্সিং) দেন বলেও অভিযোগ আনা হয়। ইউটিউবের ওয়েবসাইটসহ যুক্তরাষ্ট্রের নয়টি অঙ্গরাজ্যে বিজ্ঞাপনটি প্রচার করা হয়। ‘মিট রমনি সমাধান নয়, বরং তিনিই সমস্যা’—বাক্য দিয়ে বিজ্ঞাপনটি শেষ হয়।বিজ্ঞাপনে প্রচারিত সব অভিযোগ অস্বীকার করেন মিট রমনি। তিনি ওবামার ওই প্রচারণাকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও নেতিবাচক উদ্দেশ্যমূলক’ বলে গত শুক্রবার মন্তব্য করেন।এদিকে আরেকটি অভিযোগে বলা হয়, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রমনি বিপুল পরিমাণ অর্থ জমা রেখেছেন। এ ছাড়া বারমুডা ও কেম্যান দ্বীপপুঞ্জেও তাঁর তহবিল রয়েছে।যুক্তরাষ্ট্রে ব্যাপক বেকারত্বের মধ্যে রমনির বিরুদ্ধে চাকরি সরিয়ে নেওয়ার অভিযোগ নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়ে প্রেসিডেন্ট ওবামা গত শনিবার রমনির ভাবমূর্তি ক্ষুণ্ন করে, এমন বেশ কিছু মন্তব্য করেন। তিনি বলেন, রমনি চাকরি সরিয়ে নেওয়ার ক্ষেত্রে পথিকৃৎ কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। কিন্তু কাজের সুযোগ বিদেশিদের হাতে চলে যাক, আমি তা চাই না। আমি দেশে কর্মসংস্থান বাড়াতে চাই। ওই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে চাই।’ এএফপি।