রাখাইন রাজ্য থেকে জাতিসংঘের কর্মীদের প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে জরুরি অবস্থা চলছে। গতকাল সোমবার রাজ্যের রাস্তায় রাস্তায় সেনারা টহল দেওয়া শুরু করেছে। এদিকে জাতিসংঘ রাখাইন রাজ্যে অবস্থিত কার্যালয় থেকে তাদের কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে। বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত রোববার রাখাইন রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়।মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের জন্য এই সহিংসতা মোকাবিলা করাটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দশকের সামরিক শাসনের অবসানের পর গত বছর বেসামরিক সংস্কারবাদী সরকার ক্ষমতা গ্রহণ করে। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট থেইন বেশ কিছু রাজনৈতিক সংস্কার আনেন। গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুগম করার লক্ষ্যে নেওয়া রাজনৈতিক সংস্কারের জন্য সাবেক জেনারেল থেইন প্রশংসা অর্জন করেন। তবে গত রোববার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই সহিংসতা মিয়ানমারের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাখাইন রাজ্যের রাজধানী সিত্তুয়িতে বেশ কিছু পোড়া বাড়িঘর দেখা গেছে। এ সময় শহরের মঠ ও মসজিদগুলোর বাইরে সেনাদের টহল দিতে দেখা যায়। এ ছাড়া শহরের বিমানবন্দর এলাকায় সামরিক বাহিনীর ট্রাক দেখা গেছে। থমথমে অবস্থার মধ্যেই শহরবাসী কঠোর নিরাপত্তাব্যবস্থাকে স্বাগত জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শহরের এক বৌদ্ধ বাসিন্দা জানান, সেনা মোতায়েনের পর শহরের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে ইয়াঙ্গুনে জাতিসংঘের আবাসিক কর্মকর্তা অশোক নিগাম জানান, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের সহিংস মংডু এলাকা থেকে আন্তর্জাতিক সংগঠনটির ৪৪ জন কর্মী ও তাঁদের পরিবারকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। স্বেচ্ছায় কর্মীদের সরিয়ে নেওয়ার পদক্ষেপকে ‘সাময়িক’ এবং ‘নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খল অবস্থার জন্যই নেওয়া হয়েছে’ উল্লেখ করে অশোক নিগাম বলেন, ‘সরিয়ে নেওয়া কর্মীদের বেশির ভাগই মিয়ানমারের নাগরিক নন এবং মংডুর স্থানীয় কর্মীরা আগের জায়গায় অবস্থান করবেন।’ এর আগে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানান, শুক্রবার মংডু শহরে কয়েক শ রোহিঙ্গা দলবদ্ধ হয়ে বৌদ্ধদের ওপর হামলা চালায়। রাতে সেখানে কারফিউ জারি করা হয়। কিছুদিন ধরে মংডুর পশ্চিমাঞ্চলীয় এলাকায় সহিংসতা চলছে। কয়েক দিনের সহিংসতায় রাজ্যে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে।জানা গেছে, এক রাখাইন নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতিগত রাখাইনরা রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে। এ ঘটনার জের ধরে চলতি মাসের শুরুর দিকে রাখাইনদের হামলায় ১০ জন রোহিঙ্গা নিহত হয়। বিশ্লেষকেরা বলেন, মিয়ানমারের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে সে দেশের জাতিগত ঐক্য ও স্থিতিশীলতার বিষয়টি বিশেষ ভূমিকা রেখেছিল। কিন্তু এবারের সহিংসতায় জাতিগত ঐক্য ও স্থিতিশীলতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে।মিয়ানমার বা প্রতিবেশী বাংলাদেশ রোহিঙ্গাদের নিজ দেশের নাগরিক বলে স্বীকার করে না। মিয়ানমার সরকার ও বার্মিজ জাতির অনেকেই তাদের ‘রোহিঙ্গা’ বলেও স্বীকার করে না; বরং তাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করে। জাতিসংঘের উদ্বাস্তু সংস্থার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যের তিনটি জেলায় প্রায় আট লাখ রোহিঙ্গা বসবাস করছে। এএফপি ও রয়টার্স।