রাখাইন রাজ্যে আবার সহিংসতা তিনজন নিহত
মিয়ানমারের রাখাইন রাজ্যে আবারও মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত সোমবার সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়। গতকাল মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।গত জুনে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধদের মধ্যকার সহিংসতায় বহু লোক নিহত এবং কয়েক লাখ মানুষ গৃহহীন হয়। কয়েকটি মানবাধিকার গোষ্ঠী পরিস্থিতিকে মানবিক সংকট হিসেবে চিহ্নিত করে। রাখাইন রাজ্যের প্রধান বিচারপতি হা থেইন বলেন, ‘আমরা খবর পেয়েছি, সোমবার পানডেইনকোন গ্রামে সহিংসতায় একজন রাখাইন পুরুষ ও দুই রোহিঙ্গা নারী নিহত হন।’ তবে কতজন মানুষ আহত হয়েছে, সে বিষয়ে কিছু না জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। হা থেইন বলেন, দুটি গ্রামে সহিংসতা শুরুর পর কয়েক শ বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দ্বিতীয় দিনের মতো কারফিউ জারি করেও গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। এএফপি।