রাখাইন রাজ্যে খাবার পানি ও আশ্রয়ের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া সহিংসতার ফলে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পালিয়ে আসা এই উদ্বাস্তুদের জন্য খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে।গত ৮ জুন রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয়। গত বুধবার রাতে বাংলাদেশ সীমান্তের কাছে দুটি গ্রামের বহু বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সহিংসতায় এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে দাবি করা হয়েছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন, প্রকৃত প্রাণহানির সংখ্যা আরও অনেক বেশি হবে। কয়েক দিনের সহিংসতায় অন্তত এক হাজার ৬০০টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। রাখাইন রাজ্যের সিনেটর অং মিয়াত কিয়াও জানান, বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরাজমান উত্তেজনা কমে এসেছে। সহিংসতার কারণে উদ্বাস্তু হয়ে পড়া প্রায় ২০ হাজার মানুষ সিতউইয়ে আশ্রয় নিয়েছে। সহিংসতার আশঙ্কায় কয়েকটি গ্রামের মানুষ পালিয়ে সিতউইয়ে আশ্রয় নেয়। তিনি আরও বলেন, ‘উদ্বাস্তুদের জন্য প্রচুর খাবারের প্রয়োজন। আর কয়েক দিনের প্রবল বর্ষণের কারণে উদ্বাস্তুদের আশ্রয় ও স্বাস্থ্যগত বিষয় নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।’ ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির মুসলমান পার্লামেন্ট সদস্য শয়ে মং বলেন, ‘উদ্বাস্তুরা তাদের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকায় তাদের জীবন ঝুঁকিমুক্ত।’ তিনি বলেন, ‘সিতউইর উপকণ্ঠে এখনো অনেক রোহিঙ্গা অবস্থান করছে এবং তারা আবারও হামলার শিকার হতে পারে বলে আতঙ্কে আছে।’এ মাসের শুরুর দিকে এক নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বাসে হামলা চালিয়ে ১০ মুসলমানকে হত্যা করে। রয়টার্স।