মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতে শহরে সাম্প্রদায়িক দাঙ্গার কয়েক দিন পর গতকাল শুক্রবারও সশস্ত্র সেনাদের টহল দিতে দেখা যায়। সহিংসতা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ বাতিল করা হয়।এর আগে গত বৃহস্পতিবার রাতে সিতের পাশে একটি গ্রামের প্রায় ২০ বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে ওই গ্রামের বাসিন্দারা জানিয়েছেন। গত সপ্তাহে আগুন দেওয়া হয় প্রায় আড়াই হাজার বাড়িঘরে।রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও বৌদ্ধ রাখাইনদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় এ পর্যন্ত প্রায় ২৯ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয় অন্তত ৩০ হাজার মানুষ। রাখাইন রাজ্যে গতকাল ভারী বৃষ্টিপাত হয়। এর ফলে বাস্তুচ্যুত লোকজনের খাবার সরবরাহে হিমশিম খায় পুলিশ ও বিভিন্ন সহায়তাদানকারী গ্রুপ।মিয়ানমারের পার্লামেন্টের মুসলিম সদস্য সি মাউং বলেন, সহিংসতা এড়াতে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তাই সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে জুমার নামাজ বাতিল করা হয়েছে।ফিলিপাইন সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উন্না উন্না মাউং বলেন, ‘আমরা রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে সব কাজ করেছি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।’ এএফপি, রয়টার্স।