রাখাইনে ত্রাণ সংস্থার কাজে সরকারের বাধা
মিয়ানমারের সহিংসতাপ্রবণ রাখাইন রাজ্যে কাজ করা বড় ত্রাণ সংস্থাগুলোর একটির কার্যক্রম স্থগিত করে দিয়েছে দেশটির সরকার। মেডিসিনস সানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) নামের ওই সংস্থাটি সেখানকার মুসলমানদের প্রতি পক্ষপাতিত্ব করছিল বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট দপ্তরের একজন মুখপাত্র।
রাখাইনে যারা স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, তাদের মধ্যে বড় প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে এমএসএফ। সাম্প্রতিক সহিংসতাগুলোতে বাড়িঘর ছাড়া হওয়া হাজার হাজার লোকজনকে জরুরি সহায়তা দিয়ে আসছে সংস্থাটি। পাশাপাশি নিবিড় এইচআইভি এবং ম্যালেরিয়াবিরোধী কর্মসূচিও চালিয়ে আসছে তারা।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইন ২০১২ সালের জুন মাসের পর থেকে বেশ কয়েকটি সহিংসতা প্রত্যক্ষ করেছে। এসব সহিংসতার জের ধরে সংখ্যালঘু রোহিঙ্গারা তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয় শিবিরে আশ্রয় নেয়। পরিস্থিতি এমনই যে এই রোহিঙ্গাদের স্থানীয় কোনো ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ নেই। ফলে এমএসএফ বা এ ধরনের সংস্থাগুলোই তাদের সেবা পাওয়ার একমাত্র ভরসা।
মিয়ানমার সরকারের অভিযোগ, এমএসএফ স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের চেয়ে রোহিঙ্গাদের সেবায় বেশি মনোযোগী। তবে প্রকৃতপক্ষে এমএসএফের একটি বিবৃতির পরিপ্রেক্ষিতে সংস্থাটির কার্যক্রম সরকার স্থগিত করে দিল বলে মনে করা হচ্ছে। এক মাস আগে দেওয়া ওই বিবৃতিতে এমএসএফ বলেছিল, তারা বাংলাদেশ সীমান্তবর্তী একটি এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের হাতে মুসলমানরা গণহত্যার শিকার হওয়ার পর বেশ কয়েকজনকে চিকিৎসা দিয়েছে। তবে দেশটির সরকার নিজস্ব তদন্ত চালানোর পর ওই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি করে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক বৈষম্য চালাচ্ছে স্থানীয় সরকার—একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এমন একটি অভিযোগ তোলার এক দিনের মাথায় মিয়ানমার সরকার নতুন এ পদক্ষেপ নিল। ফর্টিফাই রাইটস নামের ওই মানবাধিকার সংগঠনটির দাবি মোতাবেক, তারা সরকারের বেশ কিছু ফাঁস হওয়া নথিপত্র হাতে পেয়েছে, যেখানে রাখাইন রাজ্যে ‘নিপীড়নের রাষ্ট্রীয় নীতি’ প্রকাশ হয়ে পড়েছে।
রোহিঙ্গারা বছরের পর বছর ধরে রাষ্ট্রহীন অবস্থায় দৈন্য জীবন যাপন করে আসছে। তারা মিয়ানমারে বসবাস করলেও তাদের নাগরিক হিসেবে স্বীকার করে না মিয়ানমার।
ত্রাণ সংস্থা এমএসএফ ১৯৭১ সালে ফ্রান্সের প্যারিসে গঠন করা হয়। সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, এটি অলাভজনক, স্বশাসিত প্রতিষ্ঠান, যা সশস্ত্র সংঘাত, মহামারি, প্রাকৃতিক দুর্যোগ এবং স্বাস্থ্যসেবাবঞ্চিত লোকজনের মধ্যে জরুরি সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। বিবিসি।