রাখাইনে সহিংসতা অব্যাহত, বাড়িঘর ছাড়ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম ও জাতিগত রাখাইন বৌদ্ধদের মধ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় শত শত মানুষ বাড়িঘর ছেড়ে জরুরি আশ্রয়শিবিরে যাচ্ছে।রাখাইন রাজ্যের মুখপাত্র মিয়ো থান্ত জানান, গত সোমবার রাজ্যের চারটি স্থানে রোহিঙ্গা ও বৌদ্ধদের মধ্যে সহিংসতা শুরুর পর থেকে চার দিনে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৮০ জন।মুখপাত্র আর জানান, গতকাল বৃহস্পতিবার রাজ্যের আরেকটি শহরতলির বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। তবে সেনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ রাজ্যের মিন বায়া ও ম্রাউক শহরে কারফিউ জারি করেছে। হাজার হাজার রোহিঙ্গা মুসলিম বাড়িঘর ছেড়ে আশ্রয়শিবিরগুলোতে চলে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা বলেছে, গত কয়েক দিনে রাখাইন রাজ্যের রাজধানী সিতউইর কয়েকটি আশ্রয়শিবিরে সহস্রাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। রাজ্যের একজন মুখপাত্র জানান, আরও অনেক মানুষ নৌকায় করে সিতউইর আশ্রয়শিবিরগুলোর উদ্দেশে রওনা হয়েছে। এরই মধ্যে এসব আশ্রয়শিবিরে ধারণক্ষমতার বেশি মানুষ আশ্রয় নিয়েছে। ধারণা করা হচ্ছে, রাখাইন রাজ্যে ৭৫ হাজার মানুষ গৃহহারা হবে।গত মে মাসে একজন বৌদ্ধ নারীকে কয়েকজন মুসলমান ধর্ষণ করেছে বলে গুজব রটে। এই খবরের পরিপ্রেক্ষিতে তখন বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলমানদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়েছিল। ওই সহিংসতায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়।কর্তৃপক্ষের পদক্ষেপের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সেখানে একধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল। তবে নতুন করে শুরু হওয়া সহিংসতার কারণ এখনো স্পষ্ট নয়। মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমান ও সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সহিংসতার দীর্ঘ ইতিহাস রয়েছে। রোহিঙ্গা মুসলমানদের অবৈধ অভিবাসী হিসেবে বিবেচনা করে সরকার। এএফপি ও বিবিসি।