সুইস পার্লামেন্টে সু চিকে উষ্ণ সংবর্ধনা
রাখাইনে সাম্প্রদায়িক সংঘাত বন্ধে আইনের শাসন প্রয়োজন: সু চি
মিয়ানমারের রাখাইন প্রদেশে বৌদ্ধধর্মাবলম্বী রাখাইন ও মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি।গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে সাম্প্রদায়িক সহিংসতা ও রোহিঙ্গা উদ্বাস্তুদের বিষয়ে সু চিকে প্রশ্ন করেন সাংবাদিকেরা।তবে, বিষয়টি সম্পর্কে অত্যন্ত সতর্ক মন্তব্য করেন সু চি। তিনি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে এ ধরনের সাম্প্রদায়িক সংঘাত কখনোই বন্ধ হবে না। এ অবস্থার অবসানে সব মানুষের সহযোগিতা প্রয়োজন।’বিশ্লেষকদের বক্তব্য, রোহিঙ্গাদের বিষয়টি সু চির জন্য অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়টি রাজনৈতিকভাবে তাঁর জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।থাইল্যান্ডের ভাহু ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মিয়ানমারবিষয়ক বিশ্লেষক অং নেইং বলেন, ‘এটি অত্যন্ত বিস্ফোরক পরিস্থিতি, যে ব্যক্তি বিষয়টি নিয়ে মন্তব্য করবেন, তাঁকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে।’ তিনি বলেন, সু চি সম্ভবত মানবাধিকারের বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে কাজ করবেন। সরাসরি কোনো রাজনৈতিক বিষয়ে নিজেকে জড়াবেন না।মিয়ানমার সরকার রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করে। রোহিঙ্গাদের প্রতি দেশটির সাধারণ মানুষের অনুভূতিও প্রায় একই রকম।অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির রিসার্চ ফেলো নিকোলাস ফারেলি বলেন, ‘অনেকেই জানতে চায়, তিনি (সু চি) রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে বিবেচনা করেন কি না। নাগরিক হিসেবে তারা অধিকার ও নিরাপত্তা পাওয়ার উপযুক্ত কি না।’এদিকে, অং সান সু চিকে গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের পার্লামেন্টে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। অধিবেশনকক্ষে প্রবেশের পর পার্লামেন্ট সদস্যরা দাঁড়িয়ে নোবেল বিজয়ী এই নেত্রীকে সম্মান জানান। পার্লামেন্টের নিম্নকক্ষের সভাপতি হ্যান্সজোয়ার্গ ওয়াল্টার সু চিকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটি নিঃসন্দেহে বিরাট সম্মানের বিষয়, ভ্রমণের জন্য প্রথম ইউরোপীয় দেশ হিসেবে তিনি সুইজারল্যান্ডকে বেছে নিয়েছেন।’এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুইজারল্যান্ডের রাজধানী বার্নে এক সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সু চি। তাৎক্ষণিকভাবে তিনি সম্মেলনস্থল ত্যাগ করেন। এ জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চান তিনি।অসুস্থতার কারণে দেশটির প্রেসিডেন্ট ইভলাইন উইডমারের দেওয়া বৃহস্পতিবারের নৈশভোজেও তিনি অংশ নিতে পারেননি। সু চির প্রতিনিধিদলের একজন সদস্য জানান, দীর্ঘ বিমান ভ্রমণজনিত ক্লান্তির কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিছুটা বিশ্রাম নেওয়ার পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। নোবেল বিজয়ী এই নেত্রীর পূর্বনির্ধারিত সফরসূচি বহাল থাকবে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।গতকালই নরওয়ের উদ্দেশে সুইজারল্যান্ড ত্যাগ করার কথা সু চির। আজ শনিবার অসলোতে তিনি নোবেল ভাষণ দেবেন।গত বুধবার সু চি ঐতিহাসিক ইউরোপ সফরের উদ্দেশ্যে মিয়ানমার ত্যাগ করেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক সংস্থার (আইএলও) সম্মেলনে তিনি ভাষণ দেন। এএফপি, রয়টার্স ও বিবিসি।