রাগই না কাল হয়ে ওঠে সারকোজির!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি কথাবার্তায় যে ভীষণ ঠোঁটকাটা তা সবারই জানা। আর প্রেসিডেন্ট নির্বাচনের সামনে তাঁর যেকোনো বেফাঁস আচরণ প্রতিপক্ষের জন্য বর হয়ে যেতে পারে। তাই সারকোজি ইদানীং সাবধান হয়েছেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু স্বভাব কী অত সহজে বদলায়? গত বৃহস্পতিবারই এক ‘ত্যাদর’ সাংবাদিকের প্রশ্নের মুখে নিজেকে ধরে রাখতে পারলেন না সারকোজি। ওই সাংবাদিককে তিনি ‘নির্বোধ’, ‘নিরেট মূর্খ’ বলে বেশ গালাগাল করলেন।এ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার প্যারিসের পূর্বে চ্যালনস-সুর-মারন এলাকায়। সারকোজির এক সরকারি সফর চলাকালে। এ সময় এক তরুণ সাংবাদিক তাঁকে গত মঙ্গলবার সংঘটিত পুলিশ ও ধর্মঘটি শ্রমিকদের মধ্যে ঘটা সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শুনেই খেপে ওঠেন ফরাসি প্রেসিডেন্ট। চিৎকার করে বলে ওঠেন, ‘তুমি কী মনে করো, তোমার কথার কানাকড়ি দাম দিই আমি? তুমি আমার কাছ থেকে কী জবাব আশা করো? নির্বোধ কোথাকার?’ পর মুহূর্তেই অবশ্য সারকোজি নিজেকে সামলে নেন। হাসিমুখে ওই সাংবাদিকের পিঠ চাপড়ে নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘তুমি সত্যিই চমৎকার এক তরুণ।’ কিন্তু শেষ রক্ষা আর হয়নি। এরই মধ্যে ক্যামেরায় ধারণ করা সারকোজির ওই রাগান্বিত আচরণের পুরো দৃশ্যটি পৌঁছে যায় তাঁর নির্বাচনী প্রতিপক্ষের হাতে। বিরোধী সোশ্যালিস্ট প্রার্থী ফ্রাসোঁয়া হোলান্দ ফ্রেন্স টু টেলিভিশনে সারকোজির পাঁচ বছরের শাসনকালকে ‘বাড়াবাড়ি’ আর ‘স্থূলতায়’ ভরপুর বলে সমালোচনা করেন। তিনি পুলিশ-শ্রমিক সংঘর্ষ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে সারকোজির আচরণ সম্পর্কে বলেন, ‘আপনি কী মনে করেন, জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ের জবাব ও রকম আচরণের মাধ্যমে দেওয়াই সবচেয়ে ভালো উপায় ছিল?’ ফ্রান্সের পূর্বাঞ্চলের শহর ফ্লোরেন্সে আরসেলর মিতাল স্টিল মিলের দেড় শর মতো শ্রমিক মঙ্গলবার সারকোজির নির্বাচনী প্রচারণার প্রধান দপ্তরের সামনে সমাবেশ করেন। রয়টার্স।