রাজকন্যার নাম শার্লট এলিজাবেথ ডায়ানা

যুক্তরাজ্যের রাজপরিবারে নতুন অতিথি প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের কন্যার নাম রাখা হয়েছে শার্লট এলিজাবেথ ডায়ানা। তবে ডায়ানা তার নামের শেষ অংশ হলেও ব্রিটিশ রাজবংশের চতুর্থ উত্তরাধিকারী এই রাজকুমারী পরিচিত হবেন প্রিন্সেস শার্লট অব কেমব্রিজ হিসাবে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, জন্মের দুদিন পর আজ সোমবার রাজকুমারীর নাম ঘোষণা করা হলো। প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার সম্মানে রাজকুমারীর নাম ডায়ানা রাখা হলো।
রাজপরিবারে এল রাজকন্যা
গত শনিবার ব্রিটেনের স্থানীয় সময় আটটা ৩৪ মিনিটে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে কন্যা সন্তানের জন্ম দেন কেট মিডলটন।
এদিকে রাজকুমারীর নাম নিয়ে বাজি ধরার ব্যবস্থা করেছিল দেশটির শীর্ষ বেটিং কোম্পানিগুলো। সম্ভাব্য নামগুলোর তালিকার শীর্ষে ছিল শার্লট এবং অ্যালিস। পরের পছন্দ হিসাবে অলিভিয়া, ভিক্টোরিয়া, এলিজাবেথ এবং ডায়ানাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, মেয়ের প্রথম নাম হিসাবে শার্লটই পছন্দ করেছেন উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট। তবে দাদি এলিজাবেথ এবং মা ডায়ানার নামও জুড়ে দিয়েছেন উইলিয়াম।
কেন শার্লট?
চার্লসের স্ত্রীবাচক শব্দ শার্লট। অষ্টাদশ শতকে (১৭৬১ সালে) রাজা তৃতীয় জর্জ রানি শার্লটের জন্যই কিনেছিলেন আজকের বাকিংহাম প্রাসাদ। এটা এখন রানি এলিজাবেথের বাসভবন। এই প্রাসাদটি জেমস প্যালেসের পাশেই। দুই সাবেক রাজার নাম ছিল চার্লস এবং রাজকুমারীর দাদুর নাম প্রিন্স চার্লস।
শার্লট নামটি রাজকুমারীর মা কেট মিডলটনের পরিবারেও রয়েছে। কেটের ছোট বোন পিপা মিডলটনের নামের মাঝের নাম শার্লট।
এ ছাড়াও এক জরিপে দেখা গেছে শার্লট নামটি একুশ শতকে যুক্তরাজ্যে এবং ওয়েলশে বেশ জনপ্রিয়। ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুদের মধ্যে ২ হাজার ২৪২ জনের নাম রাখা হয়েছিল শার্লট। ওই জরিপে আরও দেখা গেছে এলিজাবেথ নামটি আছে ৩৯ নম্বরে। তবে নাম রাখার প্রবণতার ক্ষেত্রে ডায়ানা নামটি ১০০ এর মধ্যেও নেই।