রাজকীয় বিয়ের দর্শক হতে...
প্রিন্স উইলিয়াম ও তাঁর বান্ধবী কেট মিডলটনের বিয়ের বাকি এখনো প্রায় ১০০ দিন। কিন্তু এরই মধ্যে যেন সাজ সাজ রব পড়ে গেছে লন্ডনজুড়ে। ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী উইলিয়াম বিয়ের পর যে পথে রাজপ্রাসাদে ফিরবেন, তার দুই পাশের সব হোটেলের বেশির ভাগ কক্ষ অগ্রিম বুকিং হয়ে গেছে। শুধু তা-ই নয়, বুকিং হয়ে গেছে ওই সময়ের লন্ডনগামী বেশির ভাগ ফ্লাইটের টিকিটও। বিশ্ব-পর্যটকরা যেন দলে দলে ছুটছেন লন্ডন অভিমুখে, রাজকীয় বিয়ে উপভোগে।উইলিয়াম-কেটের বিয়ের দিনক্ষণ ঠিক হয়েছে আগামী ২৯ এপ্রিল। বিয়ের অনুষ্ঠান হবে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। এরপর বর-কনে ঘোড়ার গাড়িতে চড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে পার্লামেন্ট স্কয়ার, হোয়াইট হল, হর্স গার্ডস প্যারেড ও দ্য মল হয়ে ফিরবেন বাকিংহাম প্যালেসে।উইলিয়াম-কেটের ফেরার পথের ধারের বেশির ভাগ হোটেলের কক্ষ ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন হোটেল ব্যবস্থাপকেরা। লন্ডনের হোটেল ব্যবস্থাপনাপ্রতিষ্ঠান ভিজিট লন্ডনের একজন মুখপাত্র বলেন, ‘আমি মনে করি রাজপরিবারের বিয়ের শোভাযাত্রার রুটের আশপাশের বেশির ভাগ হোটেলের কক্ষ দ্রুত ভাড়া হয়ে যাচ্ছে। তবে এখনো কিছু কক্ষের বুকিং বাকি আছে। তা ছাড়া প্রায় ৩০০ কক্ষবিশিষ্ট তিনটি হোটেল ওই বিয়ের সময় চালু হতে যাচ্ছে। সব মিলিয়ে প্রায় এক হাজার নতুন কক্ষ পাওয়া যাবে।’১৯৮১ সালে প্রিন্স চার্লসের সঙ্গে ডায়ানার বিয়ের সময় লন্ডনে জড়ো হয়েছিলেন প্রায় ছয় লাখ পর্যটক। ধারণা করা হচ্ছে, উইলিয়াম-কেটের বিয়ের সময় আরও বেশি পর্যটকের সমাগম হবে লন্ডনে।হোটেলকক্ষের পাশাপাশি ২৯ এপ্রিলের আগে ও পরের লন্ডনগামী বিমানের টিকিটও দ্রুত বুকিং হয়ে যাচ্ছে। ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেন, ‘আমরা দেখছি, বিয়ের সময় লন্ডনগামী টিকিট নেওয়ার জন্য মানুষের বিশেষ করে যুক্তরাষ্ট্রের যাত্রীদের আগ্রহ বেশি। আমরা আশা করছি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এই উৎসবে যোগ দিতে আসবে।’ ডেইলি মেইল অনলাইন।